ওয়াকা ওয়াকা!
এর মানে কী? মানে জানবেন পরে। আপাতত আফ্রিকান আর দক্ষিণ আমেরিকান ছন্দের যুগলবন্দীতে নেচে ওঠার প্রস্তুতি নিয়ে নিন। কারণ আগামী বিশ্বকাপের ‘থিম সং’-এর শিরোনামই হচ্ছে ওয়াকা ওয়াকা। যার মানে ‘এবার আফ্রিকার জন্য’। গানটি গেয়েছেন শাকিরা, গত বিশ্বকাপেও পারফর্ম করেছিলেন কলম্বিয়ার এই পপতারকা। শাকিরার সঙ্গে সুর মিলিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যান্ড ফ্রেশলিগ্রাউন্ড।‘ওয়াকা ওয়াকাতে শাকিরার সঙ্গে কাজ করতে পেরে আমরা রীতিমতো রোমাঞ্চিত। আমরা নিশ্চিত, এই গান বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করবে’—বলেছেন ফ্রেশলিগ্রাউন্ডের সদস্য জোলানি মাহোলা। গতকালই এ গানটির উদ্বোধন করা হয়েছে। গানটি বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবাম ‘লিসেন আপ’-এ থাকছে। টাকার বিনিময়ে ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকেও।১১ জুলাই জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ফাইনালের আগে যে সমাপনী অনুষ্ঠান, সেখানে শাকিরা আর ফ্রেশলিগ্রাউন্ড এ গানটি পরিবেশন করবে। গানের মধ্যে বিশ্বজনীন একটা সুর নিয়ে আসতে আফ্রিকান ছন্দের সঙ্গে মিশেছে দক্ষিণ আমেরিকান ছন্দ। আফ্রো-কলম্বিয়ান বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে গানে। গানের কোরাসে ব্যবহার করা অংশটি নেওয়া হয়েছে ক্যামেরুনের একটি জনপ্রিয় গান থেকে। ওয়েবসাইট।