ওয়াকার-আফ্রিদি দ্বন্দ্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটের আবহমানকালীন অভ্যন্তরীণ কোন্দল এবার ছুঁয়ে গেছে শহীদ আফ্রিদি ও ওয়াকার ইউনুসকে। বার্তা সংস্থা পিটিআই আজ শনিবার এমনই একটি খবর দিয়েছে। জানা গেছে, কোচের সঙ্গে দ্বন্দ্বের প্রকোপে অধিনায়ক আফ্রিদি নাকি শেষ দুটো ম্যাচ থেকেই নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন।ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। শেষ দুটো ম্যাচ হেরে গেলেও প্রথম তিনটি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নিশ্চিত করেছিল সিরিজ জয়। এখন শেষ ম্যাচ দুটিতে হারার পেছনে অনেকেই দলীয় কোন্দলের গন্ধ পাচ্ছিলেন। পিটিআইয়ের খবরে সেই গন্ধটিই বড় প্রকট হয়ে নাকে লাগছে এখন।পিটিআইয়ের সূত্র মতে, ওয়াকার ইউনুসের কিছু আচরণে ক্ষুব্ধ হয়ে আফ্রিদি নাকি শেষ দুটো ওয়ানডে খেলতেই চাচ্ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজার ইন্তিখাব আলমের হস্তক্ষেপে তিনি মাঠে নামেন। দল নির্বাচনে ওয়াকারের হস্তক্ষেপই নাকি আফ্রিদির প্রধান সমস্যা। পিসিবির সেই সূত্র জানিয়েছে, আফ্রিদি শেষ দুটি ওয়ানডেতে মাঠে নামতে নারাজ ছিল। কিন্তু ইন্তিখাব তাঁকে বুঝিয়েছেন যে যদি তিনি ফিট থাকেন, তাহলে অধিনায়ক হিসেবে মাঠে নামাটা তাঁর কর্তব্য এবং কোনো বিষয়ে কিছু বলার থাকলে সেটা দেশে ফিরে ক্রিকেট বোর্ডকে তিনি জানাতে পারেন। পিসিবি সূত্র আরও জানিয়েছে, ওয়াকার ইউনুসের ওপর কেবল আফ্রিদিই নন, দলের অনেক সিনিয়র ক্রিকেটারই নাকি ক্ষুব্ধ। তিনি সব বিষয় যেভাবে নিয়ন্ত্রণ করতে চান—তা নাকি অনেকেরই অপছন্দ। এ নিয়ে দলের মধ্যেই বিস্তর ক্ষোভ রয়েছে বলে জানা গেছে। এদিকে পিসিবি সভাপতি ইজাজ বাটও দল নির্বাচনের ক্ষেত্রে ওয়াকারের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন বলে জানা গেছে। ওয়াকারের সঙ্গে এ বিষয়ে আফ্রিদির দ্বন্দ্বটা বিশ্বকাপের আগ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে পিসিবির সেই সূত্র। তিনি বলেছেন, ‘পাকিস্তান দলে ওয়াকারের ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে আফ্রিদিসহ অন্য অনেক সিনিয়র ক্রিকেটারই অসন্তুষ্ট। এই ওয়েস্ট ইন্ডিজ সফরে দল নির্বাচন নিয়ে শুরু থেকেই ঝামেলা চলছিল আফ্রিদি আর ওয়াকারের মধ্যে। এমনকি এটা চলছে বিশ্বকাপের আগে থেকেই।’