ওয়াকার চান তরুণ অধিনায়ক
বর্তমান অধিনায়ক মিসবাহ-উল হকের ভূয়সী প্রশংসা করলেও খুব দ্রুতই পাকিস্তানের জন্য তরুণ একজন অধিনায়ক খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কোচ ওয়াকার ইউনুস। মিসবাহর পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করলেও ৩৭ বছর বয়সী মিসবাহ আর কত দিন পাকিস্তানকে নেতৃত্ব দিতে পারবেন, তা নিয়েই কিছুটা সংশয়ে আছেন পাকিস্তানের সাবেক এই পেসার।সম্প্রতি এক সাক্ষাত্কারে ওয়াকার বলেছেন, ‘৩৬-৩৭ বছর বয়সী কাউকে তো আপনি তরুণ বলতে পারবেন না। এটা সত্যি যে মিসবাহ এখন অনেক ফিট। অধিনায়ক হিসেবে তার পারফরমেন্সও খুব ভালো। কিন্তু তার বয়সটা যে একটা ভাবনার বিষয়, এটা স্বীকার করতেই হবে। কাজেই এখন থেকেই আমাদের একজন নতুন তরুণ অধিনায়ক খোঁজা শুরু করা দরকার।’ বেশ কিছুদিন ধরেই প্রথম সারির ব্যাটসম্যানদের নিয়ে সমস্যার মধ্যে আছে পাকিস্তান। কোচ ওয়াকারও সেটা অস্বীকার করেননি। এখন এ সমস্যা সমাধানের জন্য সাঈদ আনোয়ার, আমির সোহেলদের মতো সাবেক পাকিস্তানি ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘এ মুহূর্তে যেকোনো ধরনের সহযোগিতাই আমাদের অনেক কাজে লাগবে। কারণ, আমরা সত্যিই পাকিস্তানি ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যেতে চাই। টপ অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে সমস্যাটা অনেক দিন ধরেই হচ্ছে। আমরা এগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানদের সহযোগিতা করার জন্য মহসিন খান, সাঈদ আনোয়ার, আমির সোহেল, মুদাসসর নজরদের প্রতিও আহ্বান জানাচ্ছি।’ ইএসপিএন।