ওয়াকার ভালো নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো দুই দিন আগেই অন্তর্ভুক্ত হলেন আইসিসির হল অব ফেমে। যদিও সেটা ছিল তাঁর বোলার সত্তার স্বীকৃতি। তবে অধিনায়ক ও কোচ হিসেবেও খারাপ করেননি ওয়াকার ইউনিস। কাগজে-কলমে তাঁর নেতৃত্বের রেকর্ড ইমরান-ইনজামাম-আকরামদের চেয়েও ভালো। পাকিস্তান ক্রিকেটের টালমাটাল সময়ে কোচের দায়িত্ব নিয়েও খুব একটা খারাপ করেননি। কিন্তু পাকিস্তানেরই একজন সেসব মানতেই নারাজ। সেই একজন আবার যে-সে কেউ নন—শোয়েব আখতার, পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে গতিময় বোলার। শোয়েব আখতার বলছেন, ‘ওয়াকার অধিনায়ক হিসেবে ভালো ছিলেন না, কোচ হিসেবেও নন।’

শোয়েবের এমন মন্তব্যের কারণটা অবশ্য পরের কথাতেই বোঝা যায়। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের টক শোতে নিজের এই দাবির সপক্ষে টেকনিক্যাল দিক বা পরিসংখ্যানকে যুক্তি হিসেবে দাঁড় করাননি। বলেছেন ব্যক্তিগত মনোবেদনার কারণেই। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে শোয়েবকে একাদশে রাখেননি ওয়াকার। শোয়েব বিদায় নিতে পারেননি মাঠ থেকে। সেই ক্ষোভের আগুন মনে জ্বলছে এখনো, ‘অধিনায়ক শহীদ আফ্রিদি আমাকে একাদশে রাখতে চাইলেও ম্যানেজার ইন্তিখাব আলম ও কোচ ওয়াকার আমাকে আনফিট ঘোষণা করে বাইরে রাখেন। আমি হতাশায় একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিলাম। যদি পারতাম, সেই সময় আমি কাউকে খুন করে ফেলতাম!’

কিছুদিন আগে আফ্রিদির কড়া সমালোচনা করে আবার আফ্রিদির কাছ থেকে পাল্টা কটু জবাব পেয়েছেন শোয়েব। তবে এই অনুষ্ঠানেই জানালেন, আফ্রিদির সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। কিন্তু ওয়াকারের ব্যবহার নাকি ‘অগ্রহণযোগ্য।’ স্মরণযোগ্য যে অধিনায়ক আফ্রিদির সঙ্গে কোচ ওয়াকারেরও ছিল ঝামেলা।
এভাবে ওয়াকারকে নিয়ে পড়া অবশ্য হঠাৎ করেই নয়। ডেভ হোয়াটমোরের উত্তরসূরি হিসেবে যে ওয়াকারের নামই উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি! শারীরিক অসুস্থতায় আগের দফায় কোচের দায়িত্ব ছেড়েছিলেন ওয়াকার। ওয়েবসাইট।