ওয়াকার-মহসিন শুরুতেই দুদিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো উত্তর খুঁজছেন ওয়াকার ইউনুস। মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানের মতো দুই সিনিয়র ক্রিকেটারকে কেন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো, বুঝেই উঠতে পারছেন না পাকিস্তানের নতুন কোচ। ওয়াকার সপরিবারে থাকেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই পাকিস্তানের ডেইলি টাইমসকে বলেছেন, যত দ্রুত সম্ভব এই দুই সিনিয়র ক্রিকেটারকে শাস্তি দেওয়ার কারণ ব্যাখ্যা করা উচিত পিসিবির, ‘আমার মতে, খেয়োয়াড়, সমর্থক ও সাধারণ মানুষের অধিকার আছে এই কঠোর সিদ্ধান্ত কেন নেওয়া হলো সেটি জানার। এ বিষয়টি নিয়ে শুরু হওয়া বিতর্কেরও তাতে অবসান হবে।’ইউসুফ ও ইউনুসের মাপের দুই সিনিয়র ক্রিকেটারকে জাতীয় দলে দরকার বলে জানিয়ে দিয়েছেন কোচ। বোঝাই যাচ্ছে, অন্তত এই দুজনের বেলায় বোর্ডের সিদ্ধান্তের পক্ষে নন তিনি। ‘ইউসুফ আর ইউনুসের শূন্যস্থান পূরণ করা মোটেও সহজ হবে না। তারা উঁচুমানের ব্যাটসম্যান, ব্যাটিং গড় পঞ্চাশের মতো। এখনকার দিনে যেটি খুবই বিরল’—বলেছেন ওয়াকার।কোচের সঙ্গে আবার একমত নন নতুন প্রধান নির্বাচক মহসিন খান। বলছেন, ‘আমাদের অনেক ভালো ভালো রিজার্ভ খেলোয়াড় আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো দল বানাতে সমস্যা হবে না।’ ওয়াকার অবশ্য শুধু টি-টোয়েন্টির কথা ভেবে এমন মন্তব্য করেননি। ইউসুফ-ইউনুস দুজন টি-টোয়েন্টি খেলেনও না। টি-টোয়েন্টি দলে অবশ্য আর্থিক জরিমানা পাওয়া শহীদ আফ্রিদি, কামরান আকমল ও উমর আকমলের খেলতে বাধা নেই। তবে এই দলের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য শোয়েব মালিক ও রানা নাভেদ-উল হাসান এক বছর খেলতে পারবেন না। মহসিন বলছেন, ‘আমাকে ভুল বুঝবেন না। মালিক আর রানা যে দুর্দান্ত ক্রিকেটার এটি আমিও মানি। কিন্তু সবার আগে দেশ। দলীয় শৃঙ্খলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ কারণেই আমি এ পদক্ষেপকে সমর্থন করছি।’পাকিস্তানের ক্রিকেটে সব ধরনের দলাদলি, কোন্দল, মতবিভেদ দূর করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই মতের অমিল দেখা যাচ্ছে কোচ আর প্রধান নির্বাচকের মধ্যে!পিসিবির প্রধান পৃষ্ঠপোষক, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও বোর্ডের এই উদ্যোগ সমর্থন করেছেন বলে জানা গেছে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের সাতজন ক্রিকেটারের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ যে নেওয়া হচ্ছে আগে থেকেই তা জারদারি ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়েছিল পিসিবি। রাষ্ট্রপতি সবুজ সংকেত দেওয়ার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।এদিকে শুধু পাকিস্তানের ভেতরেই নয়, বহির্বিশ্বেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক যেমন বিস্মিত শুধু অস্ট্রেলিয়া সফরের বাজে পারফরম্যান্সের কারণে এমন কঠোর পদক্ষেপ নেওয়ায়। কারণ অস্ট্রেলিয়ায় গিয়ে সফরকারী দলগুলোর খাবি খাওয়া তো নতুন কোনো ঘটনা নয়। এর পেছনে আরও বড় কোনো কারণ আছে বলেই ধারণা পোলকের।ওয়াকার ঠিকই বলেছেন, পিসিবির উচিত, দ্রুত তাদের সিদ্ধান্তের কারণ জনগণের কাছে তুলে ধরা। ওয়েবসাইট।