ওয়াকারের এখনো বিশ্বাস হচ্ছে না
আন্তর্জাতিক ক্রিকেটে আছেন ২০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু এমন অভিজ্ঞতা খুব বেশি হয়নি ওয়াকার ইউনুসের। পরশু ম্যাচ শেষে তাই পাকিস্তান কোচ নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন, ম্যাচের ফলাফল মোটেও বিশ্বাস হচ্ছে না তাঁর!হবে কী করে? পরশু ‘রাত জেগে খেলা দেখে আর কী হবে’ ভেবে বাংলাদেশের অনেক অস্ট্রেলীয় সমর্থকও ঘুমিয়ে পড়েছিলেন ম্যাচের মাঝপথে। সকালে পিঁচুটি জড়ানো চোখ কচলে তাঁরা আবিষ্কার করেছেন, ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান নয়, অস্ট্রেলিয়া!এই অসাধ্য সাধনের নায়ক মাইক হাসি। আকমল ভাইদের দুটো ফিফটিতে ১৯১ রান তুলেছিল পাকিস্তান, যেটি ছিল এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ডেভিড হাসি আউট হওয়ার পর নামলেন বড় ভাই মাইক। ১২.৩ ওভারের খেলা তখন শেষ। অস্ট্রেলিয়ার স্কোর ১০৫/৫। ৪৫ বলে ৮৭ রান তুলতে হবে। প্রতি বলে প্রায় দুই রান করে, ওভারপ্রতি রান তুলতে হবে বারোর কাছাকাছি!পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল ১৪তম ওভারে মাত্র ৫ রান ওঠায়। ওভারপ্রতি অস্ট্রেলিয়ার রানচাহিদা ১৩.৩৩! সুপার এইটেই বাক্স-পেটরা গুটিয়ে ঘরে ফেরার প্রস্তুতি নেওয়া পাকিস্তান কপালগুণে সেমিফাইনালে, এখন সেখান থেকে ফাইনালে উঠে যাচ্ছে, হয়তো শিরোপাও জিতে নেবে—এসব আলোচনাই তখন ভাষ্যকারদের কণ্ঠে। হাসি তখন কী করছেন? না, তখনো তিনি পার্শ্বনায়কের ভূমিকাতেই। যা করার করছিলেন ক্যামেরন হোয়াইট। ৩১ বলে ৪৩ করে হোয়াইটের বিদায়, খানিকক্ষণ পরে স্টিভেন স্মিথেরও। শেষে হিসাব গিয়ে দাঁড়াল, ১৭ বলে অস্ট্রেলিয়ার করতে হবে ৪৮! প্রতি বলে গড়ে প্রায় তিন করে রান তোলার চাপ। চাপ? হাসির ব্যাটিং দেখে মোটেও তেমনটা মনে হলো না। ১৮, ১৯, আর ২০তম ওভারে অস্ট্রেলিয়া তুলল ১৪+১৬+২৩!২৪ বলে ৬০ রানে অপরাজিত হাসি। ডাগ-আউটে হতভম্ব হয়ে বসে থাকা পাকিস্তান কোচ পরে সংবাদ সম্মেলনেও স্বীকার করে নিয়েছেন, ‘কাষ্ঠ হাসি হাসা ছাড়া আপনি আর কী করতে পারেন! আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। এর চেয়ে বেশি আর কী করার ছিল। আমরা কোথাও ভুল করেছি বলে মনে হয় না। ভালোই খেলেছি। বরং অস্ট্রেলীয়দের প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। হাসিই ধ্বংস করে দিয়েছে আমাদের। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না।’ওয়াকারের বিশ্বাস নাও হতে পারে, তবে মাইকেল ক্লার্ক কিন্তু হাসিকে দেখিয়ে বলেছেন, ‘আমার কিন্তু ঠিকই বিশ্বাস হচ্ছে। বিশ্বাস করতে পারছি পাশে বসা মানুষটার কারণে।’ অস্ট্রেলীয় অধিনায়ক এমনও দাবি করলেন, ম্যাচের কঠিনতম পরিস্থিতিতেও তিনি আশা ছাড়েননি। আর হাসি জানালেন, এটাই তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস, ‘সম্ভবত এটাই আমার খেলা সেরা ইনিংস।’খুবই আত্মবিশ্বাসীর ঢঙে বললেও ক্লার্ককেও স্বীকার করে নিতে হলো, ‘শেষ ওভারের প্রথম বলে মিচেল (জনসন) এক রান নেওয়ার পর শেষ ওভারটি দেখার মনোবল পাচ্ছিলাম না। আমি ছিলাম ড্রেসিংরুমে। সেখান থেকেই চিৎকার-চেঁচামেচি শুনে বুঝলাম ছক্কা। এর পর আরও একটা। এর পর ভাবলাম, “এসব হচ্ছেটা কী!’পাকিস্তান মনে হচ্ছে ভ্যাবাচেকা খেয়ে গেছে। চরিত্র অনুযায়ী কেউ কেউ অধিনায়ক আফ্রিদির পদত্যাগও দাবি করে বসেছেন। রয়টার্স, এএফপি, ওয়েবসাইট।