ওয়াকারের ওপর ক্ষুব্ধ মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই দলের অন্যতম প্রধান ভরসা শোয়েব আকতারের ফিটনেস নিয়ে নানা ধরণের কথাবার্তা শোনা যাচ্ছে। কোচ ওয়াকার ইউনুসও কয়েকদিন আগে বলেছেন, শোয়েব পুরোপুরি ফিট না। পাকিস্তানের এবারের বিশ্বকাপ মিশনে শোয়েব আকতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে অনুমান করছেন অনেকেই। কিন্তু বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পর শোয়েবের ফিটনেস নিয়ে কোচ ওয়াকার ইউনুস সংবাদ সম্মেলনে যেরকম মন্তব্য করেছেন তাতে খুবই ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ও অধিনায়ক মঈন খান।দলের কোন দুর্বলতা এভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানোর কী দরকার তা কিছুতেই বুঝতে পারছেন না মঈন খান। কোচ ওয়াকার ইউনুসের উপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, ‘শোয়েব আকতার পুরোপুরি ফিট না, এই তথ্যটা ওয়াকার যেভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানালেন, তাতে আমি খুবই অবাক হয়েছি। এটার মানে কী? শোয়েব যদি পুরোপুরি সুস্থ নাও হয়, তবুও দলের কোচ হিসেবে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানানো ওয়াকারের মোটেই উচিত্ হয় নি।’দীর্ঘদিন ওয়াকার ইউনুসের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকায় এই আচরণের মধ্যে অন্য কিছুরও গন্ধ পাচ্ছেন মঈন খান। ওয়াকারের এই মন্তব্য হয়তো দলে আবারও কোন্দল সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘আমরা অনেকদিন একসঙ্গে খেলেছি। কিন্তু ২০০২ সালে ওয়াকার অধিনায়ক হওয়ার পর তার আচরণে অনেক পরিবর্তন দেখা যায়। আর এর ফলে ২০০৩ বিশ্বকাপে পাকিস্তান দলের অর্ন্তকোন্দল অনেক বেড়ে গিয়েছিল। দলে বিভাজন সৃষ্টি হয়েছিল। ইউনুস খান, শোয়েব আকতার, শহীদ আফ্রিদিও ২০০৩ বিশ্বকাপ দলের সদস্য। সেই সময়কার স্মৃতি হয়তো এখনো তাদের মন থেকে মুছে যায় নি। একারণেই আমি শোয়েবের ফিটনেস নিয়ে ওয়াকারের মন্তব্যে কিছুটা চিন্তিত।’শোয়েবের ফিটনেস নিয়ে সন্দেহ থাকলে বিষয়টা বিশ্বকাপ শুরুর আগেই মিটিয়ে নেওয়া উচিত্ ছিল বলে মনে করেন মঈন খান। আর এখন খেলা মাঠে গড়ানোর পর দলের সেরা বোলারের ফিটনেস নিয়ে জনসম্মুখে এভাবে কথাবার্তা না বলে শোয়েবের সঙ্গেই আলাদাভাবে কথা বলা উচিত্ ছিল বলে মত দিয়েছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। হিন্দুস্থান টাইমস