ওয়াকারের জন্যই মিয়াঁদাদের ‘না’!
পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিক এখনো তিনি। শুধু পাকিস্তান কেন, জাভেদ মিয়াঁদাদ সর্বকালেরই অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। সেই মিয়াঁদাদের ব্যাটিং-প্রজ্ঞা ব্যবহার করতে পারলে দল হিসেবে পাকিস্তানই উপকৃত হবে। ‘বড়ে মিয়াঁ’কে প্রস্তাবও দেওয়া হয়েছিল ব্যাটিং কোচ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে। কিন্তু মিয়াঁদাদ সেটি প্রত্যাখ্যান করেছেন। পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন, ওই সময়টাই তাঁর অন্য কাজ আছে। তবে মিয়াঁদাদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ওয়াকারের অধীনে কাজ করতে চান না ৮৮৩২ টেস্ট রানের মালিক।মিয়াঁদাদ অবশ্য প্রকাশ্যে এ ধরনের কিছু বলেননি। তবে এই সময়টায় কোন দলের হয়ে কী কাজ করবেন, সেটিও পরিষ্কার নয়। তবে তাঁর কথায় এটা বোঝা গেছে, মিয়াঁদাদ আসলে আরও বড় দায়িত্ব চান। কারণ ব্যাটিং কোচের কাজটা তাঁর কাছে মনে হচ্ছে ‘মামুলি’, ‘জাতীয় দলের ব্যাটসম্যানদের ব্যাটিং শেখানোর আসলে কিছু নেই। তাদের টেকনিক কিংবা স্টাইলে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। ব্যাটিং কোচের দায়িত্ব মূলত ভিন্ন ভিন্ন কন্ডিশনে, ভিন্ন উইকেট, বোলারদের বিপক্ষে কীভাবে ব্যাটিং করতে হবে সেটি বুঝিয়ে দেওয়া।’ ওয়েবসাইট।