ওয়াকারের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা যেন ছাড়তেই চায় না পাকিস্তান ক্রিকেট দলকে। অন্তঃকলহ আর দুর্নীতির অভিযোগে জেরবার দলটা একটু গুছিয়ে উঠতে না-উঠতেই আরেক ধাক্কা। এবার কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ওয়াকার ইউনুস। কারও সঙ্গে ঝামেলা-টামেলার খবর পাওয়া যায়নি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। আসন্ন জিম্বাবুয়ে সফরের পর আর তিনি থাকছেন না।গত সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ওয়াকার। বোর্ড কাল তাঁর চিঠি গ্রহণ করেছে। ‘আমি গত সপ্তাহে পদত্যাগপত্র দিয়েছি বোর্ডকে। জানিয়ে দিয়েছি, জিম্বাবুয়ে সফরই আমার শেষ। বোর্ড আমার পদত্যাগপত্র গ্রহণ করেছে’—বলেছেন ওয়াকার।পাকিস্তান দলে তাহলে ওয়াকার-যুগ স্থায়ী হলো মাত্র দেড় বছর। ৩৯ বছর বয়সী সাবেক ফাস্ট বোলার পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের মার্চে। এর পর পাকিস্তানের ক্রিকেটে ঘটে গেছে অনেক অপ্রীতিকর ঘটনা। স্পট ফিক্সিং, অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে ঝামেলা। এসব কারণেই ওয়াকার বিদায় নিলেন—ক্রিকেট-বিশ্বে চলছে গুঞ্জন।ওয়াকার এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, ‘আমি ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে স্বাস্থ্যগত বিষয়টিও আছে।’ ওয়াকারের সঙ্গে আফ্রিদির ঝামেলাটা হয় এই বছরের মে মাসে। সেই ঘটনার জের ধরে আফ্রিদি ক্রিকেট থেকেই সরে দাঁড়ান। ঘোষণা দেন, ইজাজ বাট যত দিন পিসিবিতে থাকবেন, আর ওয়াকার থাকবেন কোচ; তত দিন পাকিস্তান দলে খেলবেন না।এ ঘটনা তো ছিলই, ওয়াকারের সঙ্গে নাকি ঝামেলা চলছিল প্রধান নির্বাচক মহসিন খানেরও। তবে ওয়াকার সংবাদমাধ্যমকে বলেছেন, এসবের কিছুই তাঁর চাকরি ছাড়ার কারণ নয়, ‘সবকিছু আমার ব্যক্তিগত ব্যাপার। আমার এবং আমার স্ত্রীর স্বাস্থ্য যদি ঠিক থাকত, তাহলে আমি চাকরি ছাড়তাম না। পরিবারের প্রতি দায়িত্বকে আমি অবহেলা করতে পারি না।’তবে দেড় বছরের চাকরি জীবনটা খুব যে আনন্দে কাটেনি, পাকিস্তান কোচ স্বীকার করেছেন সেটা, ‘এই দায়িত্ব নিয়ে উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। স্পট ফিক্সিং ছাড়াও নানা বিতর্ক হয়েছে। তবে আমার গর্ব হয়, এসব সত্ত্বেও তরুণ দলটি ভালো করেছে।’ পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বিষয়টি কাল সকালে খেলোয়াড়দের জানিয়েছেন ওয়াকার। এত দিন বিষয়টি পিসিবি ও তাঁর নিজের মধ্যেই রেখেছিলেন। ওয়াকার বলেছেন, ‘খেলোয়াড়েরা খুব কষ্ট পেয়েছে।’ ওয়াকারের বিদায়ে সমস্যাকীর্ণ পাকিস্তানকে অক্টোবর-নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে কোচ খুঁজতে হবে। এরপর রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। এএফপি।