ওয়াকারের পেস-স্বপ্ন

পাকিস্তানের পেস বোলিং আক্রমণে আবার নবযৌবন ফিরিয়ে আনতে চান ওয়াকার ইউনিস। গত মে মাসে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের কোচের দায়িত্ব নিয়েছেন ওয়াকার। কোচ হিসেবে তাঁর প্রথম মিশন আগস্টে শ্রীলঙ্কা সফর। এই সফর সামনে রেখে লাহোরে চলছে পাকিস্তান দলের প্রস্তুতি ক্যাম্প। পরশু দলের অনুশীলন শেষে ওয়াকার বলেছেন, ‘আমাদের শুধু স্পিনারদের ওপর নির্ভর করলেই হবে না, পেস বোলিংয়েও ভরসা করতে হবে।’
যুগে যুগে দুর্দান্ত সব পেস বোলার জন্ম দিয়ে এসেছে পাকিস্তান। সব সময়ই পেস বোলিং পাকিস্তানের বড় শক্তি। কিন্তু কয়েক বছর ধরে, বিশেষ করে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অভিযাগে মোহাম্মদ আসিফ ও আমির নিষিদ্ধ হওয়ার পর থেকে পাকিস্তানের পেস আক্রমণে ধার কমে গেছে অনেকটাই। সাঈদ আজমল, আবদুর রেহমানসহ অন্য স্পিনারদের ওপরই নির্ভর করতে হচ্ছে অধিনায়ককে। ওয়াকার বলছেন, ‘আমাদের কয়েকজন প্রতিভাবান পেসার আছে। তারা ভবিষ্যতে ভালো করতে পারবে।’
ওয়াকার নিজে ছিলেন অসাধারণ এক ফাস্ট বোলার। ওয়াসিম আকরামের সঙ্গে গড়ে তুলেছিলেন নতুন বলের ভয়ংকর এক জুটি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে দুজনে নিয়েছেন ১৭০৫ উইকেট। ৩৭৩টি টেস্ট উইকেট ও ৪১৬টি ওয়ানডে উইকেটের মালিক ওয়াকারের আশাবাদ, শ্রীলঙ্কা সফর থেকেই পাকিস্তানের পেস বোলিং আক্রমণ দেখা যাবে নবতেজোদ্দীপ্ত চেহারায়, ‘এমনকি শ্রীলঙ্কা সফরেও আমরা শুধু স্পিনারদের ওপর নির্ভর করব না—এই কন্ডিশনের জন্য পেস বোলারদেরও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের তৈরি করতে হবে। সৃষ্টিকর্তার আশীর্বাদে পাকিস্তানে বেশ কয়েকজন বিশ্বমানের পেসার ও স্পিনার আছে। দলের জন্য তাদের সমান গুরুত্বপূর্ণ করে গড়ে তুলতে চাই।’
পাকিস্তানের পেস বোলিংয়ের গর্বের ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে ওয়াকারের প্রতিশ্রুতি, ‘আমার দায়িত্বের একটা অংশ হবে প্রতিভাবান পেস বোলারদের ভালোভাবে দেখাশোনা করা।’ রয়টার্স।