ওয়াকারের ভাবনায় শুধুই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো সুপার টেন পর্ব নিশ্চিত হয়নি বাংলাদেশের। তবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশেরই সুপার টেনে যাওয়ার সম্ভাবনা বেশি। ওমানের বিপক্ষে আজ প্রথম পর্বের শেষ ম্যাচে মাশরাফির দলই ফেবারিট। যদি প্রকৃতির বৈরিতায় ম্যাচ পরিত্যক্ত হয়, নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশই যাবে পরের রাউন্ডে।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গেই ১৬ মার্চ সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে পাকিস্তান। পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস বাংলাদেশকেই ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচে তাঁর দলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরে রেখেছেন। ওয়াকার ও তাঁর খেলোয়াড়দের ভাবনাজুড়েই তাই এখন বাংলাদেশ। বিশ্বকাপে শুরুটা ভালো করতে হলে যে এ ম্যাচটা জিততেই হবে পাকিস্তানকে!
সুপার টেনে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচটাই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। অনেক নাটকের পর কলকাতার ইডেন গার্ডেনকে ওই ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৯ মার্চের সেই বিস্ফোরক ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও উত্তেজনায় কাঁপছেন এখন থেকেই। তবে কাল ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে লাহোর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ওয়াকার পরিষ্কার জানিয়ে দিলেন, এখনই এত দূর ভাবছে না তাঁর দল, ‘আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এ মুহূর্তে আমরা ভারতের বিপক্ষে ১৯ মার্চের ম্যাচ নিয়ে একদমই ভাবছি না। সবার আগে আমাদের বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে এবং তাদের হারাতে হবে। ওরা এখন অনেক ভালো দল। ওদের হারানো খুব কঠিন।’
মাত্র দুই সপ্তাহ আগে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় পাকিস্তান। আগের বছর নিজেদের মাটিতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। ওই সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হারে পাকিস্তান।
বাংলাদেশকে নিয়ে ওয়াকারের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বৈকি! এনডিটিভি।