ওয়াকারের ‘আফ্রিদি’ অভিজ্ঞতা
ইজাজ বাটের ‘শক্ত কারণ’ কি তবে এই? পিসিবির চেয়ারম্যান কিছুদিন আগে বলেছিলেন, শহীদ আফ্রিদিকে সরানোর পেছনে শক্ত কারণ আছে। সেই শক্ত কারণটা কী, একটা ধারণা পাওয়া যাচ্ছে ওয়াকার ইউনুসের সফর প্রতিবেদনে। পাকিস্তান কোচের প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ ছেপে দিয়েছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডন। এই প্রতিবেদনে আফ্রিদির কড়া সমালোচনা করে অধিনায়ক হিসেবে তাঁকে ‘অপরিণত’ বলে মন্তব্য করেছেন ওয়াকার।এদিকে আফ্রিদি-পিসিবি লড়াই ভালোই জমে উঠেছে। পিসিবি জানিয়েছে, শুনানিতে হাজির না হলে তাঁর অনুপস্থিতিতেই প্রক্রিয়া শুরু করে দেবে শৃঙ্খলাবিষয়ক কমিটি। আফ্রিদিও সহজে ছাড়ছেন না। চুক্তি ও অনাপত্তিপত্র বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবিতে সিন্ধ হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন আফ্রিদির আইনজীবী। কালই বোর্ডের শৃঙ্খলাবিষয়ক কমিটির কার্যক্রম স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। আগামীকাল কোর্টে হাজির হতে বলা হয়েছে বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়কে।ওয়াকার ইউনুসের ফাঁস হয়ে যাওয়া প্রতিবেদনে অধিনায়ক আফ্রিদি সম্পর্কে একটাও ভালো কথা নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরের অভিজ্ঞতায় আফ্রিদি সম্পর্কে ওয়াকারের মূল্যায়ন, ‘অধিনায়ক হিসেবে সে অপরিণত, শৃঙ্খলা যাচ্ছেতাই, গেমপ্ল্যানবিহীন। অন্যদের পরামর্শ বা উপদেশও একেবারেই শুনতে চায় না। আমি ছাড়াও সাপোর্ট স্টাফের অন্যরাও অনেক চেষ্টা করেছে ওকে দীর্ঘমেয়াদি ও সফল একজন অধিনায়ক হিসেবে গড়ে তুলতে। কিন্তু ওর অস্থির ও অপরিণত আচরণ দলের ক্ষতি করেছে, ম্যাচ হারাসহ দলের জন্য অনেক দুর্ভাগ্য বয়ে এনেছে।’বোর্ড-আফ্রিদি দ্বন্দ্বের সূত্রপাত কিন্তু ওয়াকার-আফ্রিদি মনোমালিন্য থেকেই। ওয়েস্ট ইন্ডিজে চতুর্থ ও পঞ্চম ওয়ানডের দল নির্বাচনে কোচের ‘অযাচিত’ হস্তক্ষেপে আফ্রিদি টিম মিটিং ছেড়ে চলে গিয়েছেন বলে খবর বেরিয়েছিল সে সময়। ওয়াকারের প্রতিবেদনে সত্যতা মিলেছে সেই খবরের, ‘আফ্রিদি মিটিংয়ে এসেছিল যেন একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে। একাদশ নিয়ে আলোচনাই করতে চাইছিল না। সফর নির্বাচক কমিটির একজন হিসেবে আমি চেষ্টা করছিলাম বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে। কিন্তু অগ্রহণযোগ্য আচরণ করে সে মিটিং ছেড়ে যায়। এ ঘটনায় ড্রেসিংরুমের পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে। ক্রিকেটারদের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে এবং দল শেষ দুই ম্যাচ হেরে যায়।’ম্যানেজার ইন্তিখাবের প্রতিবেদনে উল্লেখ আছে আরেকটি ঘটনার। চতুর্থ ওয়ানডেতে কারও সঙ্গে আলোচনা না করেই নাকি হঠার্যা নিজেকে ব্যাটিং অর্ডারে ওপরে তুলে আনেন আফ্রিদি। ইন্তিখাবের দাবি, ব্যাটিং অর্ডার ওলট-পালট হয়ে যাওয়ায় দল ভালো অবস্থা থেকেও বেশি রান করতে পারেনি এবং শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায়।ওই ম্যাচের পর কোচ-অধিনায়কের বাগ্যুদ্ধের বর্ণনা দিয়েছেন ইন্তিখাব, ‘ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে আলোচনা না করায় ম্যাচ শেষে ওয়াকার ক্ষোভে ফেটে পড়ে। আফ্রিদি জবাব দেয়, ‘‘ব্যাট হাতে আমার সময় ভালো যাচ্ছে না, কিন্তু কতদিন আপনি আমাকে নেটে নিয়ে গেছেন, আমার সঙ্গে কাজ করেছেন বা ব্যাটিং নিয়ে কথা বলেছেন?’’ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর আবারও আফ্রিদি রুম ছেড়ে চলে যায়।’ইন্তিখাবের দাবি, আফ্রিদিকে তিনি বলেছিলেন সংবাদমাধ্যমে মুখ না খুলে সরাসরি পিসিবির চেয়ারম্যানকে বলতে। কিন্তু আফ্রিদি তা মানেননি। তবে শুধু আফ্রিদি নন, ওয়াকারের আচরণেও সমস্যা খুঁজে পেয়েছেন ইন্তিখাব, ‘ওয়াকারকেও আমি খেয়াল করে দেখেছি, সে কখনো কখনো রূঢ় ও উদ্ধত আচরণ করে, যা সমস্যার সৃষ্টি করে।’ এএফপি, ওয়েবসাইট।