ওয়াগদের বিশ্বকাপ বয়কট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা খুব সুবিধের যাচ্ছে না ‘ওয়াগ’দের জন্য। জন টেরির সূত্র ধরে কেঁচো খুঁড়তে গিয়ে কুমির পর্যন্ত বেরিয়ে আসছে। স্বামী কিংবা প্রেমিকদের কেউ কেউ নাকি অন্যের প্রেমে দিওয়ানা হয়ে আছেন। এই সময় ফুটবল তারকা স্বামী কিংবা প্রেমিককে চোখে চোখে রাখা খুবই দরকার। একটু আড়াল হলেই কে যে কখন কী করে বসে—তার কি কোনো গ্যারান্টি আছে!ইংলিশ ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা ‘ওয়াগ’ নামেই পরিচিত। মানে ‘ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড’। গত বিশ্বকাপে অতি উত্সাহী ইংলিশ মিডিয়ার কল্যাণে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন যাঁরা, সেই ওয়াগরা নাকি এবার বিশ্বকাপেই যাবেন না! স্বামী বা প্রেমিকদের তাঁরা পাহারা দিয়েই রাখতে চান। কিন্তু বিশ্বকাপ চলার সময় সেটার আর প্রয়োজন দেখছেন না ভিক্টোরিয়া বেকহাম, কলিন রুনি, চেরিল কোলরা। বিশ্বকাপের সময় ফুটবলের বাইরে ইংলিশ ফুটবলাররা যে ‘অন্য কিছু’ নিয়ে মাথা ঘামাতে পারবেন না—এ ব্যাপারে ওয়াগরা নিশ্চিত। কড়া হেডমাস্টার ফ্যাবিও ক্যাপেলোর চোখ ফাঁকি দেওয়া কি এতই সোজা!কিন্তু বিশ্ব ফুটবলের এই মহা মিলনমেলায় যেতে আপত্তি কেন ‘ওয়াগ’দের? কারণটা ক্যাপেলোই। জাতীয় দলের ইতালিয়ান কোচ জানিয়ে দিয়েছেন, ওয়াগদের নিয়ে মাতামাতি কোনোমতেই তিনি বরদাশত করবেন না। গত বিশ্বকাপে বাডেন বাডেনে ঘাঁটি গাড়া ওয়াগদের কে কোথায় গেল, কী খেল, কী কী কেনাকাটা করল—এ নিয়েই ভরে ছিল পত্রপত্রিকার পাতা। ইংল্যান্ড দল ঘাঁটি গেড়েছিল ব্ল্যাক ফরেস্টে। পাশেই ক্যাম্প হওয়ায় বান্ধবী-স্ত্রীদের অবাধ যাতায়াত ছিল। কোয়ার্টার ফাইনাল থেকে ইংল্যান্ডের টক্কর খেয়ে ফিরে আসার পেছনে ওয়াগদেরও দায়ী করেন কেউ কেউ।তখনকার কোচ সভেন গোরান এরিকসন বাধা দেবেন কি, তাঁর তত্কালীন বান্ধবী ন্যান্সি ডেলওলিও নিজেও যে শামিল ছিলেন ওয়াগদের কাতারে! গত বিশ্বকাপের এই কাণ্ড-কারখানাকে ‘সার্কাস’ হিসেবে আখ্যা দিয়েছেন ক্যাপেলো। সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকায় খেলতে যাব, ছুটি কাটাতে নয়।’ ভালো বন্দোবস্তও করেছেন তিনি। ইংল্যান্ড দল যেখানে বেজ ক্যাম্প করবে, তার থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে করা হয়েছে ওয়াগদের থাকার ব্যবস্থা! বিশ্বকাপ চলার সময় বান্ধবী বা স্ত্রীদের সঙ্গে ফুটবলাররা সপ্তাহে একদিন করে দেখা করার সুযোগ পাবেন। কিন্তু ওই বিদেশ বিভুঁইয়ে একদিন যথেষ্ট নয় বলে ওয়াগদের পক্ষ থেকে ওজর-আপত্তি তোলা হয়। ক্যাপেলো আবার মুখ খোলেন, ‘একদিন দেখা করাটাকে যারা যথেষ্ট মনে করছে না, তারা বরং দেশেই থেকে যাক।’কিছুটা অভিমান, কিছুটা রাগ আর কিছুটা প্রতিবাদ জানাতে ওয়াগদের এই সিদ্ধান্ত—দেশেই থেকে যাবেন তাঁরা। গত বিশ্বকাপে ওয়াগদের শিরোমণি ছিলেন ভিক্টোরিয়া। এবার সেই ‘মর্যাদা’ পাওয়ার কথা কলিন রুনির। তিন মাস বয়সী ছেলে কাইকে নিয়ে টিভিতেই বিশ্বকাপ দেখবেন বলে জানিয়ে দিয়েছেন ওয়েইন রুনির সহধর্মিণী, ‘কাই আর আমি ওয়েইন আর পুরো দলকে বাড়িতে বসেই সমর্থন দিয়ে যাব। নিষেধাজ্ঞা থাকলে ওয়েইনের সঙ্গে তো খুব বেশি দেখা করার সুযোগ থাকবে না। তার চেয়ে বাড়িতে বসে থাকাই ভালো।’কলিনের সঙ্গে পুরোপুরি একমত অ্যালেক্স জেরার্ড। স্টিভেন জেরার্ডের সহধর্মিণী বলছেন, ‘খেলোয়াড়দের সঙ্গে আমরা মাত্র কিছুটা সময় কাটাতে পারব—এতে তো সেখানে যাওয়ার কোনো দরকার দেখছি না। এর চেয়ে টিভিতেই বরং খেলা দেখা ভালো।’ওয়াগরা তাহলে বিশ্বকাপ বয়কটই করছেন? ইংলিশ ফুটবলের জন্য এ তো সুখবর! ওয়েবসাইট।