ওয়াজেদ গাজী হাসপাতালে
বিজেএমসির খেলোয়াড়ের ভূমিকায় চারটি লিগ জিতেছেন। ২৮ বছর পর সেই বিজেএমসির আজ ঘরোয়া ফুটবল লিগে প্রত্যাবর্তন ম্যাচ। এমন দিনে দলটির উপদেষ্টা কোচ ‘মাঠের মানুষ’ ওয়াজেদ গাজী হাসপাতালের বিছানায়। কাল দুপুরে ধানমন্ডি ল্যাবএইডে গিয়ে দেখা গেল, কৃত্রিমভাবে তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে। বিজেএমসির ম্যানেজার আরিফ খান জয়কে বেশ শঙ্কিতই দেখাল, ‘কাল (পরশু) টিম মিটিংয়ে উনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। হার্ট অ্যাটাক করেছিল। ঢাকা মেডিকেল ঘুরে আমরা দ্রুত ওনাকে ল্যাবএইডে আনতে পেরেছি, এতে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়া গেছে।’ রাতে বিজেএমসির অধিনায়ক আলফাজ জানিয়েছেন, ‘ওস্তাদ এখন শারীরিকভাবে কিছুটা সাড়া দিচ্ছেন।’ভোলায় ক্রিকেট: ভোলা গজনবী স্টেডিয়ামে মেয়র টি-টুয়েন্টি ক্রিকেটে কাল একতা সংঘকে (১০৬/১০) ৬ উইকেটে হারিয়েছে উকিলপাড়া একাদশ (১০৭/৪)। ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জয়ী দলের ফয়সাল। অন্য ম্যাচে রানা স্মৃতি সংঘ (১০৬) ১০ রানে হারিয়েছে জামাল স্মৃতি সংঘকে (৯৬)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের নাবিদ শাহরিয়ার।—ভোলা অফিস