ওয়াট-জন-সনের ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, ব্রিসবেনের আজকের ম্যাচটি শেন ওয়াটসন আর মিচেল জনসনের!দল ছাপিয়ে কেন ম্যাচটি দুজন খেলোয়াড়ের হয়ে উঠল, সেটির ব্যাখ্যা পাবেন ওয়াটসনের এই মন্তব্যে, ‘ইন্টারনেটে দেখলাম, বন্যার পানি হু হু করে ঢুকছে গুডনা (কুইন্সল্যান্ডের উপশহর) দিয়ে। এই জায়গায় আমার শৈশবের কত স্মৃতি! অস্ট্রেলিয়ার হয়ে খেলার সবচেয়ে ভালো দিকগুলোর একটি হলো, আমাদের সামনে সুযোগ আছে বন্যার্ত শিশুদের মুখে ক্ষণিকের জন্য হলেও হাসি ফোটানোর, ভগ্নাংশ সেকেন্ডের জন্য হলেও যদি ওদের মন থেকে ভয়ের স্মৃতি দূর করতে পারি, তাতেও সার্থক।’ওয়াটসন-জনসন দুজনই কুইন্সল্যান্ডের মানুষ। আজ কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে সাত ম্যাচ সিরিজের পঞ্চমটি। যে ম্যাচে তীব্র জয়ের ক্ষুধা নিয়ে নামার আগাম ঘোষণা দিয়ে রেখেছে উজ্জীবিত ইংল্যান্ড। সিরিজের প্রথম তিন ম্যাচে হারের পর এই উজ্জীবনী মন্ত্রই তাদের সিরিজে ফিরিয়েছে অ্যাডিলেডের দারুণ জয় দিয়ে। কেভিন পিটারসেন আরও চার বছর আগের সিরিজের উদাহরণ দিয়ে বলছেন, ‘সেবার আমরা ৩-০-তে পিছিয়ে পড়ে কিন্তু ৩-৩ করে ফেলেছিলাম।’কিন্তু অস্ট্রেলিয়া আজই সিরিজের নিষ্পত্তি করে ফেলতে চায়। এবং সেই চাওয়া পূর্ণ করতে তাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন ওয়াটসন আর জনসন।ওয়াটসন তো নিজে দারুণ ফর্মে। প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৬১ রানের সেই ইনিংস, গত ম্যাচেও করেছেন ৬৪। বল হাতেও ভালো করছেন। আর আজ তো এই অলরাউন্ডারের সামনে সবচেয়ে বড় প্রেরণা তাঁর নিজ শহরের ম্যাচটিই, যে ম্যাচটি উৎসর্গ করা হয়েছে বন্যার্তদের তহবিল সংগ্রহের জন্য। গলার সংক্রমণের কারণে গত তিন ম্যাচে না-খেলা জনসনও ফিরে আসছেন।এই দুজনের পাশাপাশি চোখ থাকবে মাইকেল ক্লার্কের ওপরও। বন্যার শহরে এসে ভারপ্রাপ্ত অধিনায়কের রানখরা ঘোচে কি না, সেটাই দেখার। ক্লার্কও মরিয়া। এতটাই, মাঝখানে তাঁর ক্লাব দলের হয়ে একটা ম্যাচও খেলে আসতে চেয়েছিলেন। যদিও টিম ম্যানেজমেন্ট সেই অনুমতি দেয়নি। তবে এই ডানহাতি আজ হেস্তনেস্ত একটা করে ফেলতে মরিয়া, ‘আমার ফর্ম নিয়ে কথা বলতে বলতে ঘেন্না ধরে গেছে। মানুষেরও নিশ্চয়ই এ নিয়ে পড়তে পড়তে বিরক্তি জন্মেছে।’ ওয়েবসাইট।