র্যাঙ্কিংয়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। একদিন এই দল এগিয়ে তো আরেক দিন ওই দল। অস্ট্রেলিয়ানদের তাতে যথেষ্টই আঁতে ঘা লাগার কথা। লড়াইটা যে আইরিশদের সঙ্গে, আর জায়গাটা র্যাঙ্কিংয়ের তলানির দিকে! বিশ্বকাপের প্রথম ম্যাচেই সামনে সেই আয়ারল্যান্ড। র্যাঙ্কিংকে ‘গাধা’ বানানো আর বাস্তবে ব্যবধানটা দেখিয়ে দেওয়ার তাগিদ নিশ্চয়ই ছিল অস্ট্রেলিয়ার। শেন ওয়াটসনের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে সেটি দেখাতেও পেরেছে জর্জ বেইলির দল। বিশ্বকাপ অভিযান শুরু করেছে ৭ উইকেটের দাপুটে জয়ে।প্রথম বল থেকেই ম্যাচ ওয়াটসনময়। নতুন বল হাতে নিয়ে প্রথম বলেই ফেরালেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে। আইরিশদের সর্বোচ্চ দুই স্কোরার ও’ব্রায়েন ভাইদের ফেরালেন এক ওভারেই। ব্যাট হাতে নেমেও চেনা রূপে। সহজ লক্ষ্যটা অস্ট্রেলিয়া অনায়াসে ছুঁয়ে ফেলল ওয়াটসনের ৩০ বলে ৫১ রানের ঝড়ে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬০ উঠল ৭ ওভারে। ২৩ বলে ২৬ রানের পথে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রান ছুঁয়েছেন ওয়ার্নার। ডকরেলকে ছয় মেরে ২৮ বলে ওয়াটসন ছুঁয়েছেন ৫০, পরের ওভারেই রান আউট অলস দৌড়ে। ওই ওভারে কেভিন ও’ব্রায়েন ফিরিয়েছেন মাইক হাসিকেও। এতে ম্যাচটা একটু বিলম্বিতই হয়েছে, এই যা।দিন শুরু হয়েছিল ওয়াটসনের দারুণ এক বাউন্সারে। প্রথম বলেই বাউন্সার পেয়ে যেন হকচকিয়ে গিয়েছিলেন পোর্টারফিল্ড, হুক করে লং লেগে ধরা পড়লেন স্টার্কের হাতে। বিপজ্জনক পল স্টারলিংকেও ফেরালেন ওই জুটি। এবার বোলার স্টার্ক, থার্ডম্যানে ক্যাচ নিলেন ওয়াটসন। ম্যাক্সওয়েল প্রথম ওভারে ফেরালেন জয়েসকে, চিরসবুজ ব্র্যাড হগের প্রথম ওভারে আউট উইলসন। ১০ ওভার শেষে আয়ারল্যান্ড ৪৬/৪!ও’ব্রায়েন ভাইরা দলকে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন। পঞ্চম উইকেটে দুজনের জুটি ৫২ রানের। ওয়াটসন আবারও ফেরেন হন্তারক হয়ে। স্লোয়ারে বোল্ড নিয়াল, দুই বল পর উইকেটের পেছনে ধরা কেভিন। আয়ারল্যান্ডের ভদ্রস্থ রান গড়ার চেষ্টাও শেষ ওখানেই। এই জয়ে বাংলাদেশকে টপকে অস্ট্রেলিয়া এখন র্যাঙ্কিংয়ের আটে!সংক্ষিপ্ত স্কোরআয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৩/৭ (পোর্টারফিল্ড ০, স্টারলিং ৭, জয়েস ১৬, নিয়াল ও’ব্রায়েন ২০, উইলসন ৫, কেভিন ও’ব্রায়েন ৩৫, কুসাক ১৫*, জনস্টন ৭, জোনস ১৪*; ওয়াটসন ৩/২৬, স্টার্ক ২/২০, ম্যাক্সওয়েল ১/১২, হগ ১/২২)। অস্ট্রেলিয়া: ১৫.১ ওভারে ১২৫/৩ (ওয়ার্নার ২৬, ওয়াটসন ৫১, মাইক হাসি ১০, হোয়াইট ২২*, বেইলি ৬*; কেভিন ও’ব্রায়েন ১/১৮, ডকরেল ১/৩১)। ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন।