ওয়াটসন-শো চলছেই
দ. আফ্রিকা: ২০ ওভারে ১৪৬/৫অস্ট্রেলিয়া: ১৭.৪ ওভারে ১৪৭/২ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ীসবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশি ছয়, সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার...ক্যাচের হিসাবটা করলে হয়, কে জানে সেটিতেও সবার ওপরে কি না! ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়ের পুরস্কারটা এখনই শেন ওয়াটসনকে দিয়ে দেওয়া যায়!সুপার এইটের মাত্র চতুর্থ দিন গেল। সেমিফাইনালের আগেই চারটি ম্যাচ বাকি এখনো। এখনই ম্যান অব দ্য টুর্নামেন্ট নিয়ে আলোচনাটা অদ্ভুত শোনানোর কথা। অথচ তা শোনাচ্ছে কই! বরং মনে হচ্ছে, ঠিকই তো, কদিন আগে-পরে আর কী আসে-যায়, টুর্নামেন্ট-সেরার ট্রফিটা ওয়াটসনকে এখনই দিয়ে দিলেই তো হয়। এমন মনে হওয়াটা ব্যতিক্রমী। ওয়াটসনের পারফরম্যান্সও কি তা-ই নয়! টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনো খেলোয়াড়ের এমন ধারাবাহিক দাপট এর আগে আর দেখেনি। চার ম্যাচে অবিশ্বাস্য ৭৮ গড়ে ২৩৪ রান, স্ট্রাইক রেট ১৬৩.৬৩। ছক্কা আর চারের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা—চার ১৭টি, ছক্কা ১৫টি। সঙ্গে ১১.৮০ গড়ে ১০ উইকেট। সৌরভ গাঙ্গুলীর টানা চার ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কীর্তি আছে। কাল ওয়াটসনেরও চারে চার হলো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কাউকে টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে দেখল এই প্রথম। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলো যেন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে না। খেলছে শেন ওয়াটসনের সঙ্গে। এখন পর্যন্ত তাতে বিজয়ীর একটাই নাম। দুই দিন আগে ভারতকে বলতে গেলে একাই উড়িয়ে দিয়েছিলেন। কাল টুর্নামেন্ট-পূর্ব অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ করে দিলেন। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ৪৭ বলে ৭০ রান। যখন আউট হলেন, ততক্ষণে অস্ট্রেলিয়ার হারার সম্ভাবনা ততটাই, যতটা এই শ্রীলঙ্কায় প্রভাকরণের পুনরার্বিভাবের।ব্যাটিংয়ে রানটাই যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছে। বোলিংটা একটু প্রাসঙ্গিক তথ্য দাবি করছে। শুরুতেই দুই উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা যখন একটু গুছিয়ে ওঠার চেষ্টা করছে, আমলাকে তুলে নিয়ে প্রথম উইকেটটা তখনই। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম বলেই এবি ডি ভিলিয়ার্স। বলতে গেলে দক্ষিণ আফ্রিকার আশার শেষ প্রদীপটাও নিভে গেল তাতে। এই কিছুদিন আগেও টি-টোয়েন্টির র্যা ঙ্কিংয়ে আয়ারল্যান্ডেরও নিচে নয় নম্বরে নেমে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটি হয়তো অহমে লেগে থাকবে অস্ট্রেলিয়ানদের। এমনিতেও প্রেরণার অভাব নেই। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ট্রফি ক্যাবিনেটে শুধু এই একটা ট্রফিই নেই। সেই অপূর্ণতা পূরণের লক্ষ্য নিয়ে আসা অস্ট্রেলিয়াকে এই টুর্নামেন্টে রীতিমতো অপ্রতিরোধ্য মনে হচ্ছে। যা করতে চাইছে, তা-ই হচ্ছে। কালকের দল নির্বাচনটাই যেমন।ড্যান ক্রিস্টিয়ানকে বাদ দিয়ে বাঁহাতি স্পিনার ডোহার্টিকে দলে নেওয়া এবং তাঁর হাতে নতুন বল তুলে দেওয়ার সিদ্ধান্তটা রীতিমতো মাস্টারস্ট্রোক হয়ে গেল। তৃতীয় বলেই উইকেট নিয়ে নিলেন ডোহার্টি। পরের ওভারের প্রথম বলেই আরেকটি। দ্বিতীয় স্পেলে ফিরে আবারও প্রথম বলেই তৃতীয় উইকেট। ৮ রানে ২ উইকেট হারানোর ধাক্কায় দক্ষিণ আফ্রিকান ইনিংস আর গতিই পেল না। তৃতীয় ওভারে ইনিংসের প্রথম ছক্কা, দ্বিতীয় ও শেষ ছক্কাটি ১৯তম ওভারে। রবিন পিটারসনের উদ্ভাবনী কিছু শটে শেষ ৫ ওভারে ৫৪ রান না হলে ম্যাচটা আরও একতরফা হতো।অস্ট্রেলিয়ার ‘দুই ডব্লু’ এখন প্রতিপক্ষ বোলারদের মনে ভয়ের কাঁপন। এদিন অবশ্য খুব তাড়াতাড়িই ফিরে গেলেন ওয়ার্নার। তবে এটা তো দক্ষিণ আফ্রিকা নয় যে, কাঁপতে কাঁপতে ভেঙে পড়বে। শুরুর ধাক্কাটা অস্ট্রেলিয়ার গায়েই লাগল না ওয়াটসন ও মাইক হাসির ৯৯ রানের জুটিতে। হাসি শেষ পর্যন্ত অপরাজিত। কত যেন করলেন? কে তা মনে রাখে! শেন ওয়াটসন ছাড়া এই ম্যাচে আর কিছু মনে না রাখলেও চলে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি প্রশংসায় ভাষা হারিয়ে ফেলছেন। চূড়ান্ত কথাটা তো বলে দিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচের পরই, ‘এই খেলাটা ও যেভাবে খেলে, ওকে বলতে হবে কমপ্লিট ক্রিকেটার।’ক্রিকেট ইতিহাসে ‘কমপ্লিট ক্রিকেটার’ কথাটা বললে সবার আগে মনে হয় স্যার গ্যারি সোবার্সের কথা। সোবার্স মূলত টেস্টই খেলেছেন। ওয়ানডে খেলেছিলেন মাত্র একটা (ঘটনাচক্রে সর্বকালের সেরা অলরাউন্ডারের একমাত্র ওয়ানডে ইনিংসটি শূন্য)। একদিন ২০ ওভারের ক্রিকেটও হবে, সোবার্সের সময়ে এটা কেউ কল্পনাও করেননি। এই ক্রিকেটে কাউকে তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে জানলে সোবার্স তাই রাগ করবেন বলে মনে হয় না।শেন ওয়াটসনকে তা হলে ‘টি-টোয়েন্টির গ্যারি সোবার্স’ বলাই যায়!সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৬/৫ ( লেভি ০, আমলা ১৭, ক্যালিস ৬, ডুমিনি ৩০, ডি ভিলিয়ার্স ২১, বেহারদিয়েন ৩১*, পিটারসন ৩২*; ডোহার্টি ৩/২০, স্টার্ক ০/৩০, কামিন্স ০/৩৩, ওয়াটসন ২/২৯, হগ ০/২৬, ম্যাক্সওয়েল ০/৭)।অস্ট্রেলিয়া: ১৭.৪ ওভারে ১৪৭/২ (ওয়ার্নার ৫, ওয়াটসন ৭০, হাসি ৪৫*, হোয়াইট ২১*; স্টেইন ০/১৫, মরকেল ১/২৩, ক্যালিস ০/৮, বোথা ০/৩১, পিটারসন ১/৪১, পারনেল ০/২৪, ডুমিনি ০/৪)।ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ীম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন