ওয়াটসন-হাসির কাছে পোলার্ডের হার
আবারও বিরুদ্ধ স্রোতে তরী বেয়েছেন কাইরন পোলার্ড। কিন্তু পেরে উঠেননি শেন ওয়াটসনের অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা মাইক হাসিও দেখালেন, অনভ্যাসে ব্যাটে মরচে ধরেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েও পোলার্ড তাই পরাজিত দলে। হারলেন আসলে দ্বিতীয় উইকেটে ওয়াটসন-হাসির অস্ট্রেলিয়ান রেকর্ড জুটির কাছে। পরশু ৮ উইকেটের অনায়াস জয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামীকাল ব্রিজটাউনে।টস জিতে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের ইনিংসটা যেন ঠিক গতি পাচ্ছিল না। পোলার্ড যখন ব্যাট করতে নামেন, ১০.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৬৬। ক্রিস্টিয়ানকে ছয় মেরে পোলার্ডের শুরু, এরপর ডোহার্টির এক ওভারে নিলেন ২১, পরের ওভারে ক্রিস্টিয়ানকে আরও দুটি ছয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি ছুঁলেন ২০ বলে, ক্রিস গেইলের ২৩ বলে ফিফটি ছিল আগের উইন্ডিজ রেকর্ড। লি-ওয়াটসনের বোলিংয়ে তবু শেষ দিকে প্রত্যাশিত রান পায়নি উইন্ডিজ। প্রথম স্পেলে ২ ওভারে ৭ রান দিয়ে চার্লসের উইকেট নিয়েছেন ওয়াটসন, স্লগ ওভারে পোলার্ড-স্যামিদের বিপক্ষে ২ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান!বোলিংয়ের পর ব্যাটিংয়েও ক্যারিবিয়ানদের যন্ত্রণার নাম ওয়াটসন। ক্রিসমার সান্টোকির করা ইনিংসের প্রথম ওভারেই বাজে শটে বোল্ড ওয়ার্নার। কিন্তু সেটিকে বড় হয়ে উঠতে দেয়নি ওয়াটসনের ব্যাট। পোলার্ডকেই পয়েন্ট দিয়ে চার মেরে ফিফটি ছুঁয়েছেন ৩৮ বলে। দ্বিতীয় উইকেটে হাসির সঙ্গে জুটি ১০৮ রানের। ৫ চার ও ৬ ছয়ে ৪৩ বলে ৬৯ করে আউট হয়েছেন বাঁহাতি স্পিনার মাথুরিনের শর্ট বলে। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-জেতানো সেই ইনিংস (২৪ বলে অপরাজিত ৬০) খেলার পর আবার সেন্ট লুসিয়ায় খেলতে নেমে হাসি ৪৫ বলে অপরাজিত ৫৯। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৫০/৭ (চার্লস ২৪, স্মিথ ১০, বনার ২৪, ড্যারেন ব্রাভো ১২, পোলার্ড ৫৪*, ডোয়াইন ব্রাভো ১৪, স্যামি ৭, বাফ ১, মাথুরিন ১*; ক্রিস্টিয়ান ৩/২৭, লি ২/৩০, ওয়াটসন ১/১৬)। অস্ট্রেলিয়া: ১৮.১ ওভারে ১৫৩/২ (ওয়ার্নার ০, ওয়াটসন ৬৯, মাইক হাসি ৫৯*, বেইলি ২১*; সান্টোকি ১/২৭, মাথুরিন ১/৩৩)। ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন।