ওয়াটসনকে ওয়ানডে থেকে দূরে রাখার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি সমস্যা লেগেই আছে। একের পর এক চোট শেন ওয়াটসনের ক্যারিয়ার যেকোনো সময় হুমকির মুখে ঠেলে দিতে পারে। তবে এ পরিণতি এড়াতে তারকা এই অলরাউন্ডারকে ওয়ানডে ক্রিকেট থেকে দূরে রাখতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিজবেন টেস্টে ছিলেন না শেন ওয়াটসন। তবে অ্যাডিলেড টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে রাখা হয়েছে তাঁকে। ওয়াটসনের ফিটনেস নিয়ে অবশ্য অনেকের মধ্যেই প্রশ্ন রয়ে গেছে।অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার লেন প্যাসকোর বিশ্বাস, সময় এসেছে ওয়াটসনের ওয়ানডে থেকে দূরে থাকার। একই অভিমত কিংবদন্তি পেসার জেফ থমসনেরও।‘ওয়াটসন একের পর এক ইনজুরিতে পড়ছে। নির্বাচকেরা এ কারণে হয়তো ওকে নিয়ে বিরক্ত। ঠিক জানি না, ভেতরে ভেতরে কী হচ্ছে। তবে আমি মনে করি, ওয়াটসনের প্রতি আস্থা রাখা উচিত। ওকে ওয়ানডে থেকে দূরে রেখে হলেও ওর ক্যারিয়ারটা বাঁচানো উচিত।’ বলেছেন জেফ থমসন।লেন প্যাসকো বলেন, ‘শেনের প্রতি আমাদের আরও যত্নশীল হওয়া উচিত। ওকে আরও কম ব্যবহার করা উচিত। ও ভালো ব্যাটসম্যান। অলরাউন্ডার হিসেবে ব্যবহার করে ওর ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। আমি মনে করি না, এ মুহূর্তে ৫০ ওভারের খেলা শেনের জন্য উপকারী।’ সূত্র: জি নিউজ।