ওয়াটসনের কাছে হারল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টু ডব্লুস্’ বললে লোকে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসকেই বুঝত এত দিন। এখনো তা-ই বোঝে। তবে অস্ট্রেলিয়ার দুই ওপেনার এমন আর কিছুদিন চালিয়ে যেতে পারলে কে জানে, ‘টু ডব্লুুস্’ বললে ‘ওয়াটসন-ওয়ার্নার’ বুঝবে কি না!মিল তো একটা আছেই। নতুন বলে ওয়াসিম-ওয়াকারকে দেখে ভয়ের স্রোত বইয়ে যেত ব্যাটসম্যানদের শিরদাঁড়া বেয়ে। ওয়াটসন-ওয়ার্নারকে ব্যাট হাতে নামতে দেখে ইদানীং যা বয়ে যায় বোলারদের শিরদাঁড়ায়।একসময় হেইডেন-গিলক্রিস্টও ছিলেন এমনই ভীতিজাগানিয়া। হেইডেন-গিলক্রিস্ট হতে এখনো অনেক দেরি, তবে ওয়াটসন আর ওয়ার্নার যেন এগোচ্ছেন সেই পথেই। যে পথে আরেকটি ধাপ কাল প্রেমাদাসা স্টেডিয়ামের ব্যাটিং তাণ্ডব। দুই ডব্লুর ১৩৩ রানের উদ্বোধনী জুটি অনেক দিনই দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়াবে ভারতীয় বোলারদের।ভারত করেছিল ১৪০, টি-টোয়েন্টিতে খুব বেশি রান নয়। কিন্তু একই উইকেটে প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলছিল, এই রানও জয়ের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। চিরন্তন উপমহাদেশীয় টার্নিং উইকেট, যা দেখে ভারত নেমেছে আরেকজন বাড়তি স্পিনার নিয়ে। আগের ম্যাচের নায়ক হরভজন সিং আছেন, পীযূষ চাওলার সঙ্গে যোগ হয়েছেন আরেক অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টার্নিং উইকেটে এমন তিন স্পেশালিস্ট স্পিনার তো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বড় পরীক্ষাই নেওয়ার কথা।অস্ট্রেলিয়ান ইনিংস শুরু হতে না-হতেই কথাটা যে কী হাস্যকর শোনাল! ইনিংসের শুরুতে একটু বৃষ্টি নেমেছিল। আকাশের বৃষ্টি থেমে গেল কিছুক্ষণের মধ্যেই। কিন্তু চলতে থাকল আরেক বৃষ্টি। ছক্কা-বৃষ্টি! ওয়ার্নারও মাঝেমধ্যে সংগত করেছেন। তবে ওয়াটসনের পাশে তিনিও ম্লান। চার-টার মারটাও তাঁর কাছে ম্যাচটাকে অহেতুক লম্বা করা মনে হতে লাগল। এ কারণে ছক্কা মারার দিকেই মন দিলেন। এমনই বিশাল বিশাল ছক্কা যে, গ্যালারির দর্শকদের জন্যও তা শারীরিক হুমকির কারণ হয়ে দাঁড়াল।যে ম্যাচকে মাইক হাসি বলেছিলেন ‘গ্র্যান্ড ফাইনাল’, সেটিকে হাস্যকররকম একতরফা বানিয়ে যখন আউট হলেন, জয় থেকে অস্ট্রেলিয়া মাত্র ৮ রান দূরে। ৪২ বলে ৭২ রান, চার মাত্র দুটি, ছয় ৭টি। এর আগে বোলিংয়ে নিয়েছেন ৩৪ রানে ৩ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হিসেবে আর কারও কথা চিন্তা করাটাও পাপের পর্যায়ে পড়ত।এই টুর্নামেন্টের আগের দুই ম্যাচেও একই রকম অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল করেছেন মাঠ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ বলে ৫১ রান ও ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ বলে অপরাজিত ৪১ ও ২ উইকেট। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি ম্যাচ-সেরার পুরস্কার এখন তাঁর। সবচেয়ে বেশি রানের কীর্তিটাও বেশি দূরে নয়।ম্যাক্সওয়েলকে নিয়ে ম্যাচটা শেষ করেছেন ওয়ার্নার। ৪১ বলে অপরাজিত ৬৩ যথেষ্টই ভালো ইনিংস। কিন্তু এদিনের ওয়াটসন এমনই সূর্য হয়ে জ্বললেন যে, ওয়ার্নার তাঁর পাশে মিটমিটে মাটির প্রদীপ ছাড়া আর কিছু নয়। বাকিরা তো অদৃশ্যই!সংক্ষিপ্ত স্কোরভারত: ২০ ওভারে ১৪০/৭ (গৌতম গম্ভীর ১৭, ইরফান পাঠান ৩১, বিরাট কোহলি ১৫, যুবরাজ সিং ৮, রোহিত শর্মা ১, সুরেশ রায়না ২৬, মহেন্দ্র সিং ধোনি ১৫, রবিচন্দ্রন অশ্বিন ১৬*, হরভজন সিং ১*; গ্লেন ম্যাক্সওয়েল ০/১১, মিচেল স্টার্ক ১/২৭, প্যাট কামিন্স ২/১৬, শেন ওয়াটসন ৩/৩৪, ড্যান ক্রিস্টিয়ান ০/১৯, ব্র্যাড হগ ০/২৯)। অস্ট্রেলিয়া: ১৪.৫ ওভারে ১৪১/১ (শেন ওয়াটসন ৭২, ডেভিড ওয়ার্নার ৬৩*, গ্লেন ম্যাক্সওয়েল ৪*; যুবরাজ সিং ১/১৬, রবিচন্দ্রন অশ্বিন ০/৩২, জহির খান ০/১৮, হরভজন সিং ০/২০, পীযূষ চাওলা ০/১৪, ইরফান পাঠান ০/১৯, বিরাট কোহলি ০/১০, রোহিত শর্মা ০/১২)।ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন।