সংবাদমাধ্যমের সঙ্গে অস্ট্রেলিয়া দলের উন্মুক্ত আলাপচারিতা। তাতে এলেন শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন হোয়াইট। সবচেয়ে বেশি আগ্রহ ওয়াটসনকে ঘিরেই। আড্ডার ঢঙে আলাপ বলেই কি না, খুব উপভোগ করছিলেন ওয়াটসনও। আইসিসির মিডিয়া ম্যানেজার তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ায় তাই বলেই ফেললেন, ‘এত তাড়াতাড়ি? মাত্র তো কিছুক্ষণই কথা বললাম!’ মিডিয়া ম্যানেজারের তাড়ার কারণ ছিল—ওয়াটসনের পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে অনেকক্ষণ ধরে অপেক্ষায় ক্যামেরন হোয়াইট। সেটির জন্য সাংবাদিকেরা দুঃখ প্রকাশ করায় হোয়াইটের স্মিতহাস্য জবাব, ‘কোনো সমস্যা নেই। আমি তো বুঝিই, “ফায়ার পাওয়ার” নিয়ে তো আপনাদের আগ্রহ থাকাই স্বাভাবিক।’