ওয়াটসনের বিকল্প কুইনি
ব্রিসবেন টেস্টে সম্ভবত দর্শক হয়েই থাকছেন শেন ওয়াটসন। শেফিল্ড শিল্ডের ম্যাচে চোট পাওয়া অলরাউন্ডারকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু চোটের সঙ্গে তাঁর সখ্যের ইতিহাস মনে রেখে সেই ঝুঁকি নেওয়ার পথে হয়তো যাচ্ছে না অস্ট্রেলিয়া। ওয়াটসনের ‘বিকল্প’ হিসেবে তাই ডাকা হয়েছে রব কুইনিকে। খুব নাটকীয় কিছু না হলে অস্ট্রেলিয়ার ৪২৯তম টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন এই ভিক্টোরিয়ান ব্যাটসম্যান।চোটের কারণে গত গ্রীষ্মের প্রায় পুরোটাই বাইরে ছিলেন ওয়াটসন। খেলতে পারেননি দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। এবারও মৌসুমের শুরুতেই চোট বাধালেন। কুইনি বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। এদিকে স্টিভেন ফিনের ‘বিকল্প’ হিসেবে ভারত উড়ে যাচ্ছেন স্টুয়ার্ট মিকার। ভারত সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৪ ওভার বোলিং করার পর কুঁচকিতে টান লাগায় মাঠ ছাড়েন ফিন। ফিন ফিট না হলেও অবশ্য প্রথম টেস্টে মিকারের খেলার সম্ভাবনা নেই। তবে ফিন সুস্থ হলেও ইংল্যান্ড পারফরম্যান্স স্কোয়াড দলের হয়ে খেলার জন্য ভারতে থেকে যাবেন মিকার। ওয়েবসাইট।