ওয়াটসনের স্বপ্নভঙ্গের পর...
২০১২ শ্রীলঙ্কা। ২০১৪ বাংলাদেশ। ব্যাটে-বলে কী অদ্ভুত বৈপরীত্য দুই টুর্নামেন্টে! শ্রীলঙ্কায় ব্যাটে-বলে দুর্দান্ত শেন ওয়াটসন ছিলেন টুর্নামেন্ট সেরা। অস্ট্রেলিয়ার জেতা সব ম্যাচেই ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। আর এবার? যত তাড়াতাড়ি পারেন স্মৃতিটা ভুলে যেতে চাইবেন। তিন ম্যাচে করেছেন সাত রান, উইকেট নিয়েছেন মাত্র দুটি।
ওয়াটসনের সঙ্গে গলাগলি করে অস্ট্রেলিয়াও চলেছে উল্টো রথে। ফিঞ্চ-ওয়ার্নারদের অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট শুরুর আগেই কেউ কেউ পারলে ট্রফিটা তুলে দেয়। বাংলাদেশে আসার আগের সর্বশেষ ছয় টি-টোয়েন্টিতে হারেনি অস্ট্রেলিয়া। অথচ আজ বাংলাদেশের সঙ্গে ম্যাচে অস্ট্রেলিয়ার কিছুই পাওয়ার নেই। প্রথম তিন ম্যাচ হেরেই যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অসিরা! কে ভেবেছিল, অসিদের এক্সপ্রেস ট্রেন এভাবে গন্তব্যের অনেক আগেই লাইনচ্যুত হয়ে পড়বে? ভাবেননি ওয়াটসন নিজেও, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমি অনেক দিন থেকেই রোমাঞ্চিত ছিলাম। শ্রীলঙ্কার সঙ্গে সেবার সেমিফাইনালে হেরেছিলাম। এই দলের সম্ভাবনা নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু প্রথম দুই ম্যাচে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি।’”
তবে কি টানা খেলে যাওয়ার ক্লান্তি গ্রাস করেছে? পরশু সংবাদ সম্মেলনে ওয়াটসন এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাননি, ‘একদমই না। এ রকম টানা ক্রিকেট আমাদের অনেকেই আগেও খেলেছে। এটা কোনো অজুহাত নয়।’
ওয়াটসন বরং দায়ী করলেন জিগীষার অভাবকেই, ‘আমাদের আরও উদ্দীপ্ত হতে হবে। আমি হারতে পছন্দ করি না, দল হিসেবেও হারতে পছন্দ করি না। দেশের হয়ে বিশ্বকাপে ক্রিকেট খেলাটা যে সংস্করণই হোক, বিশাল সম্মানের। আজ (পরশু) রাতের পর সেই গর্বে অনেকের আঘাত লেগেছে। এখন যেভাবে টুর্নামেন্টটা শুরু করার কথা ছিল, সেভাবে আমাদের শেষ করতে হবে।’
শেষের কথাটিই সাকিবদের মেরুদণ্ডে ভয়ের শীতল স্রোত বইয়ে দিতে পারে!