ওয়াডার প্রতিবেদনে ডোপ পাপের ভয়াবহ চিত্র
গ্রিগরি রদচেনকফ আপাতত অজ্ঞাতবাসে গেছেন। রাশিয়ার ডোপিং কেলেঙ্কারির গোপন সব খবর প্রথম ফাঁস করেছিলেন মস্কোর সাবেক এই ডোপিংবিরোধী গবেষণাগার প্রধান। রদচেনকফের দেওয়া আভাসই সত্য বলে প্রমাণিত হলো। গতকাল আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা) তাদের নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশ করেছে। ৯৬ পৃষ্ঠার এই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর ও ভয়ংকর সব তথ্য।
কানাডীয় ক্রীড়া আইনজীবী রিচার্ড ম্যাকলারেনের নেতৃত্বে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। প্রতিবেদনের মূল সাক্ষীও ছিলেন সেই রদচেনকফ। সরকারি পৃষ্ঠপোষকতায় রাশিয়ায় ডোপিংয়ের মহোৎসবের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। রাশিয়ান অ্যাথলেটদের নিষিদ্ধ ওষুধ নেওয়ায় সহযোগিতা করা ও তাঁদের ডোপ টেস্টের হাত থেকে রক্ষা করায় তিনিও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
গত বছর যুক্তরাষ্ট্রে এসে প্রথম তিনি রাষ্ট্রীয় পর্যায়ে ডোপিং করার খবরটি ফাঁস করেন। সচি অলিম্পিকে (২০১৪ শীতকালীন) কমপক্ষে ১৫ জন পদকজয়ী নিষিদ্ধ বস্তুর সহযোগিতা নিয়েছেন। সচি অলিম্পিকে ৩৩টি পদক পেয়ে শীর্ষস্থানে ছিল রাশিয়াই। রদচেনকফের এমন বোমা ফাটানো তথ্যের পরই আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন ও ওয়াডা নড়েচড়ে বসে।
ম্যাকলারেনের প্রতিবেদনে সচি অলিম্পিক ও তার আগে-পরের সব তথ্যই উঠে এসেছে। জানা গেছে, অ্যাথলেটদের শুধু নিষিদ্ধ ওষুধ সেবনে উৎসাহিত করেই ‘দায়িত্ব’ সারেনি রাশিয়া। ডোপপাপীরা যেন ধরা না পড়ে, তার নিশ্ছিদ্র ব্যবস্থাও তৈরি করে রেখেছিল দেশটি। মস্কোর গবেষণাগারে ওই অ্যাথলেটদের নমুনা সরিয়ে ফেলার ব্যবস্থা রাখা হয়েছিল। যেসব নমুনায় ডোপের লক্ষণ ধরা পড়ত, সেগুলোকে নেতিবাচক প্রমাণ করারও ব্যবস্থা রাখা ছিল। ২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও (মস্কোতে অনুষ্ঠিত) একই কাজ করেছিল তারা। আইএএএফ মস্কোর ওই গবেষণাগার ছাড়াও নিজস্ব গবেষণাগারে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিলে দোষী অ্যাথলেটদের নমুনা পাল্টে সাধারণ নমুনা পাঠিয়ে দেওয়া হয়! এই পুরো ব্যাপারটি দেখভাল করত রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়।
এই প্রতিবেদন প্রকাশের আগেই রিও অলিম্পিকের অ্যাথলেটিকস থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। এবার রাশিয়ার পুরো দলকেই নিষিদ্ধ করার দাবি তুলেছেন ওয়াডার মুখপাত্র বেন নিকলস, ‘ওয়াডা আন্তর্জাতিক যেকোনো প্রতিযোগিতা, বিশেষ করে রিও অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধের আহ্বান জানাচ্ছে।’ এএফপি।