কাঁধের চোট নিয়ে গৌতম গম্ভীর আলোচনায় ছিলেন কয়েক দিন ধরেই। সঙ্গে যুক্ত হলো এবার যুবরাজ সিংয়ের ফুসফুসের সংক্রমণ। দুজনের কেউই যেতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে তাই নেতৃত্ব দেবেন পূর্বঘোষিত দলে গম্ভীরের ডেপুটি সুরেশ রায়না। রায়নার ডেপুটি হরভজন সিং। গম্ভীরের বদলে দলে ঢুকেছেন শিখর ধাওয়ান, যুবরাজের বদলে মনোজ তিওয়ারি। দুজনই একটি করে ওয়ানডে খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ধাওয়ান গত বছর, তিওয়ারি ২০০৮ সালে।ওয়ানডেতে বিশ্রামে থাকা অধিনায়ক ধোনি ফিরছেন টেস্ট সিরিজে। তবে টেস্টেও বিশ্রাম চেয়ে নিয়েছেন শচীন টেন্ডুলকার। দলে একদম নতুন মুখ অভিনব মুকুন্দ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১ বছর বয়সী ওপেনারের গড় ৬০ ছুঁইছুঁই, ৪০ ম্যাচে সেঞ্চুরি ১৩টি। দলে ফিরেছেন গত বছর দুটি টেস্ট খেলা সুব্রামানিয়াম বদ্রিনাথ।ভারতের টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ভিভিএস লক্ষ্মণ (সহ-অধিনায়ক), মুরালি বিজয়, অভিনব মুকুন্দ, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, সুব্রামানিয়াম বদ্রিনাথ, হরভজন সিং, ইশান্ত শর্মা, শ্রীশান্ত, অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝা, জহির খান, মুনাফ প্যাটেল, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল।