ওয়াও! কী খেলা। এখনো ঘোর কাটছে না। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, সাড়ে ছয় শর বেশি রান করেও ইংল্যান্ড-ভারতের কেউই জয়ী হতে পারল না।আমার দেখা ওয়ানডে ক্রিকেটের সেরা ম্যাচগুলোর একটি। ম্যাচের পরতে পরতে ঠাসা উত্তেজনা। ক্ষণে ক্ষণে মনে হয়েছে, এই বুঝি ভারত জিতে গেল, পরক্ষণেই মনে হলো জিতে যাচ্ছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটা হলো টাই।আসলে কোনো দলেরই নৈতিক বিজয় হয়নি। দুটি দলই খেলার সময় পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করেছে। তবে ভারতকে অবশ্যই তাদের বোলিং আক্রমণের ব্যাপারে আরও মনোযোগী হতে হবে। আমি মনে করি, একজন বোলারের অভাব প্রচণ্ডভাবে বোধ করছে ধোনির দল। তবে দলটির টপ-অর্ডার ব্যাটসম্যানরা খুবই ভালো করছে। তাই একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে খেলানোর কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি ভারতের সর্বোচ্চ মহল ভেবে দেখবে বলে আমি মনে করি।ছোটখাটো এ ত্রুটিগুলো বাদ দিলে এ ম্যাচটি ছিল ওয়ানডে ক্রিকেটের সব মোহনীয় পসরায় সাজানো। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, ওয়ানডে ক্রিকেট মরেনি, এটি এখনো সজীব ও প্রাণবন্ত। টি-টোয়েন্টি নিয়ে উন্মাদনা দারুণ, কোনো সন্দেহ নেই। কিন্তু দয়া করে খোঁজ নিয়ে দেখুন, ওয়ানডে ক্রিকেটের মতো উত্তেজনায় ঠাসা টি-টোয়েন্টি ম্যাচ কয়টিই বা হয়েছে?এই ম্যাচে দেখা গেল, ভারতের ফিল্ডারদের নিয়ে ছেলেখেলা করেছে ইংলিশ ব্যাটসম্যানরা। তাদের ব্যাটিং চমকে দিয়েছে ভারতকে। স্পষ্টভাবেই যন্ত্রণায় পুড়িয়েছে তাদের।একইভাবে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের ব্যাটিং পাওয়ার প্লে। এই জায়গাটায় তারা পুরোপুরি বিধ্বস্ত। অবশ্যই এ জায়গাটা নিয়ে কাজ করতে হবে ইংলিশদের।ইংল্যান্ডের সবচেয়ে বড় অর্জন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের পারফরম্যান্স। অধিনায়ক ছন্দে থাকলে তা নিঃসন্দেহে দলের অন্যদের ওপর প্রভাব ফেলে। স্ট্রাউসের দারুণ ব্যাটিং ইংল্যান্ডের বড় পাওয়া।দলটিতে ১০ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে। আজমল শেহজাদ এই জায়গাটায় এসে দারুণ করেছে, খেলায় প্রাণ ফিরিয়ে এনেছিল অসাধারণ একটি ছক্কা মেরে।এই ম্যাচ থেকে ইংল্যান্ডের অনেক শেখার আছে। বিশেষ করে পাওয়ার প্লেতে বোলিং নিয়ে তাদের আরও যত্নবান হতে হবে। এই জায়গাটায় তাদের বড় ঝামেলা হয়েছে, যদিও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।