ওয়ানডে খেলেই যাবেন শচীন
পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এ মাসে শ্রীলঙ্কা যাচ্ছে ভারতীয় দল। কিন্তু যাচ্ছেন না শচীন টেন্ডুলকার। তাহলে কী ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে চলেছেন লিটল মাস্টার?প্রশ্নটি আসছে, কারণ গত মাসেই ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন শচীন। এ নিয়ে গণমাধ্যমে চলছে বিস্তর আলোচনা। তবে লিটল মাস্টার জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ওয়ানডে থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা তাঁর নেই। শ্রীলঙ্কায় না যাওয়ার কারণটা শুধুই ব্যক্তিগত।‘অনেকে যা ভাবছে, তা নয়। যতক্ষণ আমার কাছে মনে হয় খেলা উপভোগ করছি, দলে অবদান রাখতে পারছি, ততক্ষণ খেলা (ওয়ানডে) চালিয়ে যাব।’ সিএনএন-আইবিএনকে বলেছেন শচীন।শচীন বলেন, ‘২০০৭ সালে মনে করেছিলাম, টি-টোয়েন্টি দলে আমার থাকা ঠিক হবে না। কিন্তু আমাকে দলে থাকতে বলা হয়েছিল। এর পরও আমি থাকিনি। কারণ, দল তখন ভালো খেলছিল। ওয়ানডে ক্রিকেট নিয়ে যখন এমন উপলব্ধি হবে, একই সিদ্ধান্ত নেব আমি।’শ্রীলঙ্কা সফরে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে শচীন বলেন, ‘আমি শুধু আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছি। এর বেশি কিছু নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। অনুরোধ করেছি যেন আমাকে দলে না রাখা হয়। পরিবার, সন্তানকে সময় দেওয়া আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’গত ২৭ এপ্রিল শচীনকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেন ভারতের প্রেসিডেন্ট। শচীনও এতে আপত্তি করেননি। আইপিএল শেষে গত ৪ জুন শপথ নেন তিনি।রাজনীতি নাকি ক্রিকেট—এখন কোনটাকে সামলাবেন শচীন টেন্ডুলকার? রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রশ্নটা করে আসছিলেন সমালোচকেরা। কয়েক দিন এ নিয়ে নীরব থাকলেও গত ১ মে পুনেতে একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নীরবতা ভেঙে লিটল মাস্টার বলেছিলেন, ‘আমি রাজনীতিবিদ নই। আমি একজন খেলোয়াড়, আর এই পরিচয় নিয়েই থাকতে চাই। রাজনীতির জন্য ক্রিকেট ছাড়ছি না।’রাজ্যসভায় শপথবাক্য পাঠ করার পরও আগের কথারই পুনরাবৃত্তি করেন শচীন। জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁর কাছে ক্রিকেটটাই আগে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পার্লামেন্টের কাজে মনোনিবেশ করবেন তিনি।‘...ক্রিকেটের জন্যই এখানে এসেছি। ক্রিকেটের বাইরে অন্য কিছুতে নিজের লক্ষ্য নিবিষ্ট করতে পারি না আমি। জানি না, কবে অন্য কিছুতে মনোনিবেশ করতে পারব।’ বলেন শচীন।পার্লামেন্টের সদস্য হওয়ায় তাঁর অবসর নিয়ে যে গুঞ্জন চলছে, এ সম্পর্কে শচীন বলেন, ‘এ গুঞ্জনটা চলুক, এটা আমি চাই না। সবাইকে জানাতে চাই, আমার কাছে সবার আগে ক্রিকেট।’