ওয়ানডে চালিয়ে যাবেন মিসবাহ
যা বয়স, তাতে সমালোচনার ঝড়ের মুখে থেমে গেলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু যতই ঝড় বয়ে যাক, মিসবাহ-উল-হক নিজের ওপর আস্থাশীল। বললেন, শিগগিরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার কোনো পরিকল্পনা তাঁর নেই। টেস্টের পাশাপাশি এক দিনের ক্রিকেটটাও চালিয়ে যাবেন। তবে দল এবং ক্যারিয়ারের কথা ভেবে নিজের ব্যাটিংয়ের ধরনটা বদলে ফেলবেন পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।মিসবাহ সব সময়ই সমালোচকদের ‘বলির পাঁঠা’। অধিনায়ক হিসেবে বিস্ময়কর রেকর্ড সত্ত্বেও মিসবাহকে সমালোচনার হুল ফোটাতে ক্রিকেটবোদ্ধারা এতটুকু ছাড় দেন না। এবারও ব্যতিক্রম নয়। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ৩-০-তে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজটাও পাকিস্তান হেরেছে ৩-২-এ। সুযোগ বুঝে নিন্দুকেরাও মিসবাহর সমালোচনায় উচ্চকণ্ঠ। যেন দলের ব্যর্থতার দায় একমাত্র তাঁরই। অথচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান তাঁরই, ৫৬.৭৫ গড়ে করেছেন ২২৭ রান। তবুও মিসবাহই সমালোচকদের বলির পাঁঠা। অধিনায়কত্বের পাশাপাশি ওয়ানডেতে মিসবাহর ধীরগতির ব্যাটিং সমালোচকদের কাঠগড়ায়। উঠে গেছে ওয়ানডে থেকে মিসবাহ অবসরের দাবিও। কিন্তু এই মে মাসেই ৩৯-এ পা দিতে যাওয়া মিসবাহ বলছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কোনো ইচ্ছা আমার নেই। আমি মনে করি, এখনো আমার মধ্যে অনেক ক্রিকেটই বাকি আছে। কিন্তু হ্যাঁ, ক্যারিয়ারটা লম্বা করতে আমাকে ব্যাটিংয়ের ধরনটা পুরোপুরি বদলে ফেলতে হবে।’চাইলে তিনি এখনো যে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন, মিসবাহকে এই আত্মবিশ্বাসটা দিচ্ছে গত মঙ্গলবারের পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ইনিংসটি। ৪৪ বলে ৮৫ করে নিজের দল ফয়সালাবাদ উলফসকে সেমিফাইনালে তুলেছেন মিসবাহ।পরে বলেছেন, সমালোচকেরাই তাঁর ভেতরের আগুন জ্বেলে দিয়েছে এবং নিজের উইকেট নিয়ে উদ্বিগ্ন না থেকে আক্রমণাত্মক খেলতে অনুপ্রাণিত করেছে, ‘আমি আমার খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি এবং আমরা সবাই একমত, আমাকে আরও আক্রমণাত্মক হতে হবে এবং আমার উইকেট হারানো নিয়ে উদ্বিগ্ন না হয়ে বেশি শট খেলতে হবে। আমি ব্যক্তিগতভাবেও আমার ক্যারিয়ার এবং ব্যাটিংয়ের পুনর্মূল্যায়ন করেছি। সিদ্ধান্ত নিয়েছি, ইতিবাচক ও বেশি বেশি শট খেলাটাই আমার জন্য ভালো হবে। এতে আমার এবং দলের জন্যই লাভ।’ ওয়েবসাইট।