ওয়ানডে ছাড়লেন শন টেইট
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যর্থতার পর দলে একটা পরিবর্তন আসছে, এটা অনুমিতই। কিন্তু সেই পরিবর্তন কতকটা আসছে খেলোয়াড়দের ইচ্ছাতেই। যেমন শন টেইট জানিয়ে দিয়েছেন তিনি আর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে কিংবা টেস্ট কোনো ফর্মেই খেলবেন না। তবে তিনি যত বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলে তাঁর ক্যারিয়ারকে সামনে নিয়ে যাবেন।২৮ বছর বয়সী শন টেইট অস্ট্রেলিয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে তাঁর দল দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়েও কোনো ওয়ানডে খেলবেন না বলে জানিয়েছেন।‘আমি যেকোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটি যথেষ্ট চিন্তা-ভাবনা করেই নেওয়া। এর ফলে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার দীর্ঘায়িত হবে।’ শন টেইটের বক্তব্য।‘সারা বছর ধরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে এত বেশি ওয়ানডে ম্যাচ আমার শরীরকে কাবু করে দিচ্ছে। আমি ইনজুরিকে সঙ্গী করে নিজের ক্যারিয়ার শেষ করতে চাই না। অবসরের ঘোষণার স্বপক্ষে এমনই যুক্তি তুলে ধরেছেন টেইট।টেইন আরও বলেন, ‘বিশ্বকাপ খেলতে এসেছিলাম অনেক আশা নিয়ে। দেশের টানা চতুর্থ ও পঞ্চম শিরোপা জয়ের ভাগীদার হব আমি। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে দুঃখজনক হার সেই আশার ধূলিস্মাত্ করে দিয়েছে। আমি মনে করি ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেওয়ার এটাই সবচেয়ে সঠিক সময়।’এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার মহাব্যবস্থাপক মাইকেল ব্রাউন বলেছেন, ‘এটা টেইটের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি যে গতিতে বল করেন, তাতে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তাঁর সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়া সম্মান জানাচ্ছে।’শন টেইট অস্ট্রেলিযার হয়ে ৩৫টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৩ দশমিক ৫৬ গড়ে ৬২ উইকেট সংগ্রহ করেছেন। তিনি তাঁর সংক্ষিপ্ত ক্যারিয়ারে তিনটি টেস্টও খেলেছেন। রয়টার্স।