ওয়ানডে দলে ওয়ার্নার
অভিষেকের পর থেকেই আলোচনায় ডেভিড ওয়ার্নার। কখনো ব্যাটে ঝড় তুলে, কখনো বিতর্কিত কাণ্ড-কারখানার জন্ম দিয়ে। এখন অবশ্য ব্যাট হাতেই আলোচনায় অস্ট্রেলিয়ান ওপেনার। চলমান অ্যাশেজে ওয়ার্নার আছেন দারুণ ফর্মে। এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রান তাঁরই। দুই সেঞ্চুরি, দুই হাফ সেঞ্চুরিসহ চার টেস্টের ৮ ইনিংসে ৭০.১৪ গড়ে ৪৯১ রান। পুরস্কারটাও পেলেন নগদই। ফিরেছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে।
সিডনিতে অ্যাশেজের শেষ টেস্ট শুক্রবার শুরু। ১২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম তিন ম্যাচের জন্য কাল ঘোষিত ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন মাইকেল ক্লার্ক, শন মার্শ ও জেমস প্যাটিনসনও।
জুনে পানশালায় ইংল্যান্ডের জো রুটকে চড় মারায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন ওয়ার্নার। ফিরে এসে অ্যাশেজের তিনটি টেস্ট খেললেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি। ছিলেন না ভারত সফরেও। চোট থাকায় ক্লার্ক-মার্শও ভারত সফর করতে পারেননি। প্যাটিনসন সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১২ সালের সেপ্টেম্বরে। বাদ পড়েছেন হিউজ, ভোজেস, হেনরিকস ও কালাম ফার্গুসন। এএফপি।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: ওয়ার্নার, ফিঞ্চ, ওয়াটসন, মার্শ, ক্লার্ক (অধিনায়ক), বেইলি (সহ-অধিনায়ক), হাডিন (উইকেটকিপার), ম্যাক্সওয়েল, ফকনার, জনসন, কোল্টার-নাইল, প্যাটিনসন, ম্যাকাই ও ডোহার্টি।