ওয়ানডে দলে নেই হাসি
শেষ টেস্টটা খেলে ফেলেছেন কালই। সেটাই হয়ে গেল মাইক হাসির শেষ আন্তর্জাতিক ম্যাচও। এই বাঁহাতি আন্তর্জাতিক ক্রিকেটটা পুরোপুরি ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দুটি খেলেই। কিন্তু ইচ্ছাটা পূরণ হলো না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত অস্ট্রেলীয় দলে নেই মাইক হাসি। প্রধান নির্বাচক জন ইনভেরারিটি জানিয়ে দিয়েছেন, শুধু ওই দুই ম্যাচেই নয়, হাসিকে বিবেচনা করা হবে না পুরো সিরিজেই। ২০১৫ বিশ্বকাপকে পাখির চোখ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যে প্রস্তুতি শুরু করছে এই সিরিজ থেকেই। তাই গত ৩ সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই হয়ে রইল হাসির শেষ ওয়ানডে।হাসির পরিকল্পনায় বাদ সাধলেও ইনভেরারিটি ভুলে যাননি রঙিন পোশাকের ক্রিকেটে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের অবদান, ‘বেশ লম্বা একটা সময় মাইকেল (হাসি) চমৎকার এক ম্যাচজয়ী ওয়ানডে খেলোয়াড় ছিল। রঙিন পোশাকে তাঁর অনুপস্থিতি বেশ টের পাওয়া যাবে।’১১ জানুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নেই অধিনায়ক মাইকেল ক্লার্ক, ওপেনার ডেভিড ওয়ার্নার ও উইকেটকিপার ম্যাথু ওয়েডও। বিশ্রাম দেওয়া হয়েছে এই তিনজনকে। বিবেচনা করা হয়নি চোটে পড়া জেমস প্যাটিনসন ও শেন ওয়াটসনকেও। ক্লার্কের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি। বেইলির দলে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় আছেন চারজন—ফিল হিউজ, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা ও বেন কাটিং। উইকেটকিপার হিসেবে দলে ফিরেছেন ব্র্যাড হাডিন। এএফপি। প্রথম দুই ওয়ানডের অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), বেন কাটিং, জেভিয়ার ডোহার্টি, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন, ফিল হিউজ, ডেভিড হাসি, মিচেল জনসন, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকাই, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।