ওয়ানডে দলে ফিরলেন মাশরাফি
দেশের হয়ে শেষ ম্যাচটা খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, গত ডিসেম্বরে। এরপরই চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন মাশরাফি বিন মুর্তজা। মাস দশেক পরে আবার দলে ফিরলেন ‘নড়াইল এক্সপ্রেস’। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন মাশরাফি। ১৫ জনের দলে ফিরেছেন এনামুল হক ও নাঈম ইসলামও। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন জহুরুল ইসলাম, রবিউল ইসলাম, সাজেদুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেটা নাঈমেরও দেশের হয়ে সর্বশেষ ম্যাচ ছিল। তবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে জায়গা পাননি এই অলরাউন্ডার। মার্চে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে খেললেও পরীক্ষার কারণে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি এনামুল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুটি ওয়ানডে ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, নাঈম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান।