ওয়ানডে দলেও ফিরলেন আশরাফুল
১৫ জুন থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হতে যাওয়া এশিয়া কাপের বাংলাদেশ দলে চমক বলে কিছু নেই। যথারীতি সাকিব আল হাসানকে অধিনায়ক ও মুশফিকুর রহিমকে সহ-অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের ১৫ সদস্যের দল।একদিক থেকে অবশ্য এশিয়া কাপ মোহাম্মদ আশরাফুলের জন্য প্রত্যাবর্তনের টুর্নামেন্ট হতে যাচ্ছে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের দলে ছিলেন না সাবেক অধিনায়ক আশরাফুল। ১৫৯ ওয়ানডেতে ২৩.৭২ গড়ে ৩২৯৮ রান করা আশরাফুল ইংল্যান্ডের বিপক্ষেই ইংল্যান্ডে টেস্ট দলে ফিরেছেন। বলার মতো কিছু করতে না পারলেও ফিরলেন এবার ওয়ানডে দলেও।ফিরেছেন সৈয়দ রাসেলও। ৪৯ ওয়ানডেতে ৬০ উইকেট নেওয়া রাসেল দলে ফিরলেন প্রায় ছয় মাস পর। সর্বশেষ ভারত-শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে খেলেছিলেন রাসেল। রাসেল ও আশরাফুলের ফেরার টুর্নামেন্টেই ওয়ানডে অভিষেকের সুযোগ হয়ে গেল জহুরুল ইসলামের।জহুরুলের টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে, ঢাকায়। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলার পর সর্বশেষ ইংল্যান্ড সফরে দুই টেস্টেই খেলেছেন। ৩ টেস্টে মাত্র ১৯ গড়ে ১১৪ রান করেছেন জহুরুল। কিন্তু ইংলিশ কন্ডিশনেও ব্যাটিংয়ে সাবলীলতারই পুরস্কার হিসেবে এবার ডাক পেলেন এশিয়া কাপের ওয়ানডে দলে।এই তিনজনকে জায়গা করে দিতে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আফতাব আহমেদ, নাসির হোসেন ও নাজমুল হোসেন।এশিয়া কাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেল, রুবেল হোসেন, সফিউল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী।