ওয়ানডে মরেনি
‘এই বিশ্বকাপই সেরা ও সবচেয়ে রোমাঞ্চকর।’ কার কথা? শারদ পাওয়ারের কথা। শারদ পাওয়ার যেহেতু আইসিসির সভাপতি, সুতরাং আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি এটি।টি-টোয়েন্টির আলোকোজ্জ্বল আবির্ভাবের পর ধরেই নেওয়া হয়েছিল ওয়ানডে ক্রিকেটের শেষনিঃশ্বাস পড়ে গেছে। কিন্তু শারদ পাওয়ার যে তথ্য-উপাত্ত দিয়ে এবারের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের মাহাত্ম্য বর্ণনা করছেন, তাতে মেনে নেওয়া ছাড়া উপায় নেই ওয়ানডে প্রবলভাবে জীবন্ত। টুর্নামেন্টে টেলিভিশন দর্শকের নতুন রেকর্ড হয়েছে। মাঠের খেলাটাও হয়েছে দুর্দান্ত। এমন উত্থান-পতনে ভরা ক্রিকেট এর আগের আর কোনো বিশ্বকাপেই দেখা যায়নি। পাওয়ার তাই বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে ভবিষ্যতে এটা (ওয়ানডে নিয়ে আগ্রহ) উত্তরোত্তর বাড়তে থাকবে। কিছু লোক ৫০ ওভার ক্রিকেটের শেষ দেখে ফেলেছিলেন, কিন্তু তাঁরা ভুল প্রমাণিত হয়েছেন।’ ‘অসাধারণ কিছু ম্যাচের কল্যাণে ৫০ ওভারের ক্রিকেটের প্রকৃত স্বাদটা পাওয়া গেছে। বেঙ্গালুরুতে ভারত-ইংল্যান্ডের টাই ম্যাচ কিংবা ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের দুর্দান্ত জয়ের কথা ভুলে যাবে এমন মানুষের সংখ্যা হাতেগোনা। তা ছাড়া স্বাগতিক বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সমর্থকদের আবেগ-উচ্ছ্বাস ছিল অসাধারণ’—বলেছেন পাওয়ার। ওয়েবসাইট।