ওয়ানডে মিশনে সফল কুক
লড়াইটা শুরু হয়ে গিয়েছিল নিজেদের মধ্যেই। গত বছর অ্যান্ড্রু স্ট্রাউস যখন বলে দিলেন বাংলাদেশে আসছেন না তিনি, তখন থেকেই। অ্যালিস্টার কুক নিজে থেকেই বললেন নেতৃত্ব দিতে খারাপ লাগবে না তাঁর। সুযোগ বুঝে জেমস অ্যান্ডারসনও প্রকাশ্যেই বললেন, অধিনায়কত্ব টানছে তাঁকেও। বিবেচনায় ছিলেন পল কলিংউডও। অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়ার পর এগিয়ে ছিলেন কুকই। কিন্তু ওয়ানডে দলে তাঁর জায়গাটাই যে পাকা নয়! তার পরও শেষ পর্যন্ত আস্থা রাখা হয় কুকের ওপরই। বেশ কয়েকটি অনভিজ্ঞ মুখ নিয়েও প্রতিকূল আবহাওয়া ও উইকেটে ৩-০ তে ওয়ানডে সিরিজ জেতালেন দলকে। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি—কুকের মিশন তাই সফলই বলা যায়।সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের (৫২ গড়ে ১৫৬) চেয়েও গুরুত্বপূর্ণ যেভাবে এসেছে এই রানগুলো। ক্যারিয়ার স্ট্রাইক রেট ৭১.৩৮, কিন্তু এই সিরিজে ৯০.৬৯। সিরিজ শুরুর আগে স্ট্রাইক রেট ছিল সত্তরেরও কম, চার বছরের ক্যারিয়ারে তাই ৫২টি টেস্ট খেলা হয়ে গেলেও ওয়ানডে খেলতে পেরেছেন ঠিক এর অর্ধেক (২৬)। অভিষেক টেস্টে সেঞ্চুরির পর থেকে টেস্ট দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি। ওয়ানডেতেও রান করেছেন মোটামুটি নিয়মিত, কিন্তু তার পরও বারবার জায়গা হারিয়েছেন ওই দ্রুত রান না করতে পারার ব্যর্থতায়। ঢাকায় প্রথম ম্যাচে যখন টস করতে নামলেন, তার আগে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ওয়ানডেটি খেলেছিলেন ঠিক ১৫ মাস আগে! স্ট্রাউসের পর তাঁর নেতৃত্বে আস্থা রাখতে পারে ইংল্যান্ড, এটা প্রমাণের একটা ব্যাপার তো ছিলই, ছিল ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের দায়ও। চ্যালেঞ্জটাকে আরও কঠিন করে দিয়েছিল মন্থর উইকেট। খুব বড় কিছু করতে পারেননি, তবে চ্যালেঞ্জে জয়ী হয়েছেন, এখন এই তৃপ্তি তাঁর সঙ্গী! একটু আক্ষেপ থাকলেও কুকের কাছে শেষ পর্যন্ত তৃপ্তিটাই বড়, ‘ওয়ানডেতে রান করতে পেরে ভালো লাগছে। হয়তো দুটো ম্যাচে আমি সেঞ্চুরি পেতে পারতাম। তবে দলের জন্য অন্তত কিছু করতে পেরেছি, এটাও কম নয়।’ জায়গা এতেই পাকা হয়ে গেল ভাবলে অবশ্য ভুল হবে। স্ট্রাউস ফিরবেন, কাল ক্রেইগ কিসওয়েটারও জানিয়ে দিলেন, উঠে আসছেন তিনিও। বাস্তবতাটা জানেন কুকও, ‘সেঞ্চুরি করার পর কাউকে বাদ দেওয়া সম্ভব নয়। আর স্ট্রাউস তো ফিরবেই, দলের সেরা ব্যাটসম্যান সে। কিছু রান পেলাম, বিবেচনায় আমিও থাকব। এই প্রতিযোগিতা তো দলের জন্যই ভালো, অনেক বিকল্প থাকছে।’অধিনায়ক হিসেবে যাকে প্রশংসায় ভাসিয়েছেন, স্ট্রাউস ফিরলে জায়গা নিয়ে সেই কিসওয়েটারের সঙ্গেই লড়াই করতে হবে। সেই লড়াইয়ে যাই হোক, অন্তত বিবেচনায় তো থাকছেন, কদিন আগেও যা ছিল না। আর এই বিশ্বাসটাও তো ইংল্যান্ডকে দিতে পেরেছেন কুক যে স্ট্রাউসের পর নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন এসে গেছেন।