ওয়ানডে সিরিজ অনিশ্চিত গম্ভীরের
ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজটায় পুরোপুরিই বিধ্বস্ত ভারত। প্রথমে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হারানোর পর হোয়াইটওয়াশের লজ্জাও পেতে হয়েছে এবারের বিশ্বকাপজয়ীদের। এবার ওয়ানডে সিরিজের আগেও দুশ্চিন্তা ভর করেছে ভারতীয় শিবিরে। জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং ও বীরেন্দর শেবাগের পর ইনজুরির কবলে পড়েছেন ওপেনার গৌতম গম্ভীরও। হয়তো সিরিজ শুরুর আগেই ব্যাগ গুছিয়ে দেশে ফিরতে হতে পারে এই বাঁহাতি ওপেনারকে।টেস্ট সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় দিনে কেভিন পিটারসেনের ক্যাচ নিতে গিয়ে পিঠে চোট পান গম্ভীর। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর কোনো গুরুতর সমস্যা পাওয়া না গেলেও ব্যথা কমছে না তাঁর। এখনো পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি তাঁর। গম্ভীরের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের মতো হতে পারে বলে অনুমান করছেন অনেকে। আইপিএলের গত মৌসুমে একইভাবে ক্যাচ নিতে গিয়ে চার সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হয়েছিল এই প্রোটিয়া পেসারকে। গম্ভীরকেও সেভাবে তিন বা চার সপ্তাহ ক্রিকেট অঙ্গনের বাইরে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে পারবেন না গম্ভীর। আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।— পিটিআই