ওয়ানডে সিরিজ আজ শুরু
ড্যারেন স্যামি চরম বিরক্ত। পাকিস্তান সিরিজে কম শিক্ষা হয়নি, আজমল-রেহমান-হাফিজদের বিপক্ষে যথেষ্ট ভুগেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ভারত সিরিজে তাই বাউন্সি উইকেট চেয়েছিলেন। কিন্তু ত্রিনিদাদের টি-টোয়েন্টিতে দেখা গেল সেই মন্থর উইকেটই। ভারতীয় স্পিনারদের বিপক্ষে ধুঁকে ওয়েস্ট ইন্ডিজও ম্যাচ হারল ১৬ রানে। ম্যাচ শেষে স্যামি তাই উগরে দিলেন ক্ষোভ, ‘পাকিস্তান সিরিজেও উইকেট ওদের সাহায্য করেছিল। দেশের মাটিতে সিরিজ, অথচ মনে হয়...উইকেট যেন আমাদের নিয়ন্ত্রণে নেই।’ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক যতই ক্ষোভ দেখান, রাতারাতি উইকেট পাল্টে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। আজ শুরু ওয়ানডে সিরিজেও তাই ফেবারিট খর্বশক্তির ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি হবে ত্রিনিদাদে, পরের দুটি অ্যান্টিগায়, জ্যামাইকায় শেষটি। পরশু জয়ের জন্য ১৬০ রান প্রয়োজন ছিল স্যামির দলের। কিন্তু ভারতের তিন স্পিনার হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন ও ইউসুফ পাঠানের ১২ ওভারে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা নিতে পেরেছেন মাত্র ৭৭ রান। মাত্র ৫ উইকেট হারিয়েও ওয়েস্ট ইন্ডিজ তাই ২০ ওভারে তুলতে পেরেছে ১৪৩। ম্যাচসেরা অবশ্য কোনো স্পিনার নন। ৩৭ বলে ৪৩ রান করে অভিষেক টি-টোয়েন্টিতে ম্যাচসেরা সুব্রামানিয়াম বদ্রিনাথ।