ওয়ানডে সিরিজও অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনন্দন জানাতে হাত বাড়িয়ে দিলেন শন মার্শের দিকে। কিন্তু ভেতরে ভেতরে তো কষ্টের আগুনে পুড়ছেন অ্যালিস্টার কুক। টেস্টের পর কাল ওয়ানডে সিরিজটাও হারল তাঁর দল । এএফপি
অভিনন্দন জানাতে হাত বাড়িয়ে দিলেন শন মার্শের দিকে। কিন্তু ভেতরে ভেতরে তো কষ্টের আগুনে পুড়ছেন অ্যালিস্টার কুক। টেস্টের পর কাল ওয়ানডে সিরিজটাও হারল তাঁর দল । এএফপি

গ্যাবার মতো নাটকীয়তা আর শেষ মুহূর্তের টানটান উত্তেজনা ছিল না। এতে সিডনির দর্শকেরা রোমাঞ্চের স্বাদ হয়তো পায়নি, কিন্তু অস্ট্রেলিয়ার জয়রথ তো বহমান।
ব্রিসবেনে ইংল্যান্ডের প্রায় হাতের মুঠোয় চলে যাওয়া জয়টা কেড়ে নিয়েছিলেন জেমস ফকনার। কাল আরেকবার হারলেও অ্যালিস্টার কুকের দলের জন্য সান্ত্বনা, মনের ওপর ও রকম ধাক্কা অন্তত গেল না। সিডনিতে অস্ট্রেলিয়া জিতেছে একদম হেসেখেলে। ১০ ওভার আর ৭ উইকেট হাতে রেখে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ওয়ানডের সিরিজ নিজেদের করে নিয়েছে মাইকেল ক্লার্কের দল। টেস্ট সিরিজে জয় ৫-০ ব্যবধানে, ওয়ানডে সিরিজও হয়ে গেল ৩-০। বাকি দুটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ; অস্ট্রেলিয়া কি ইংল্যান্ডকে ১৩-০-এর লজ্জাই দেবে এবার?
টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ২৪৪ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। অধিনায়ক কুক অবশ্য এর জন্য ধন্যবাদ দিতে পারেন আটে নামা টিম ব্রেসনানকে। ১৯৮ রান তুলতেই ৮ উইকেট পড়ে যাওয়া ইংলিশদের স্কোরটা ২৪৩ পর্যন্ত পৌঁছায় ব্রেসনানের সৌজন্যে। ২৯ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে নবম উইকেটে জর্ডানের সঙ্গে ২৭ এবং শেষ উইকেটে ট্রেডওয়েলের সঙ্গে ১৮ রানের জুটি গড়েন ব্রেসনান।
অস্ট্রেলিয়ার জয় নিয়ে সন্দেহ জাগেনি কখনোই। সপ্তম ওভারে দলীয় ৪৩ রানে অ্যারন ফিঞ্চ ফিরে গেলেও শন মার্শ আর ডেভিড ওয়ার্নার ৭৮ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেন ভালোমতোই। ৭০ বলে ৭১ রান করা ওয়ার্নারকে শেষ পর্যন্ত ফিরিয়েছেন বেন স্টোকস। সমান রান মার্শেরও, তবে তিনি মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেই। অ্যাশেজের পর এবার ওয়ানডে সিরিজও জিতে নেওয়া এই অস্ট্রেলিয়াকে আটকানো যে দুঃসাধ্য হয়ে উঠেছে সেটা ম্যাচের শেষে স্বীকার করেছেন কুকও, ‘এ মুহূর্তে ওদের থামানো কঠিন। আমরা বাকি দুই ম্যাচে সেই চেষ্টা করে যাব।’
চেষ্টার দরকার নেই, বাকি দুই ম্যাচ চাইলে বিশ্রাম নিতে পারেন মাইকেল ক্লার্ক। কাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সেই আভাসই দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। একই সঙ্গে বলেছেন, এখন নির্বাচকেরা চাইলে বাকি দুই ম্যাচ বিশ্রাম দিতে পারেন সিডনির ম্যাচসেরা ডেভিড ওয়ার্নারকেও। স্টার স্পোর্টস, ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৪৩/৯ (কুক ৩৫, বেল ২৯, স্টোকস ১৫, ব্যালান্স ২৬, মরগান ৫৪, বোপারা ২১, বাটলার ৪, ব্রেসনান ৪১*, ব্রড ১, জর্ডান ১০, ট্রেডওয়েল ২*; ফকনার ২/৩৫, প্যাটিনসন ০/৪১, কোল্টার-নাইল ৩/৪৭, ডোহার্টি ১/২৮, ম্যাক্সওয়েল ০/৩৮, ক্রিস্টিয়ান ২/৫২)।
অস্ট্রেলিয়া: ৪০ ওভারে ২৪৪/৩ (ফিঞ্চ ২২, ওয়ার্নার ৭১, মার্শ ৭১*, ক্লার্ক ৩৪, হাডিন ৩৫*; জর্ডান ১/৫৬, ব্রড ০/৬১, ব্রেসনান ০/৪২, ট্রেডওয়েল ০/৪২, বোপারা ১/১৪, স্টোকস ১/২৩)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।