ওয়ানডে সিরিজও ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ফেব্রুয়ারির পর ২৩ ফেব্রুয়ারি। মাত্রই ১৪ দিনের ব্যবধান। আর এই সপ্তাহ দুয়েকের ব্যবধানেই পুরো বিপরীত অভিজ্ঞতা অকল্যান্ডের দর্শকদের। ৯ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে ইডেন পার্কের ছোট বাউন্ডারিকে কাজে লাগিয়ে রান-উৎসবে মেতেছিলেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ছক্কা-বৃষ্টির ম্যাচে দুই দল মিলে করেছিল ৩৮৮ রান। সেই একই মাঠে কাল ৫০ ওভারের ম্যাচে উঠল মাত্র ৩৭১ রান। স্বল্প রানের ম্যাচটা ৫ উইকেটে জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। এর আগে টি-টোয়েন্টি সিরিজটাও একই ব্যবধানে পকেটে পুরেছে সফরকারী দল।১৯৯২ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে সিরিজ জয়। দুর্দান্ত বোলিংয়েই এসেছে এই পুরস্কার। আর ৯ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে যাতে নেতৃত্ব দিয়েছেন স্টিভেন ফিন। উইকেট পেয়েছেন অন্য চার ইংলিশ বোলারও। ফিন ও অ্যান্ডারসন মিলে শুরুতেই চেপে ধরেন নিউজিল্যান্ডকে। দুজনে মিলে ১০ ওভারের প্রথম স্পেলে রান দিয়েছেন মাত্র ১৮। ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড আর বেরোতে পারেনি এই চাপ থেকে। ব্রেন্ডন ম্যাককালামের ৭৯ রানের (৬৮ বল, ৬ চার ও ৫ ছয়) ঝলমলে ইনিংসের পরও তাই ৪৩.৫ ওভারে ১৮৫ রানেই শেষ কিউইদের ইনিংস। সিরিজের তিন ম্যাচেই ফিফটি পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ১৮৬ রানের লক্ষ্যটা ইংল্যান্ড ছুঁয়েছে ৭৫ বল হাতে রেখে। ফিফটি পাননি কেউই, কিন্তু প্রথম পাঁচ ব্যাটসম্যানের প্রত্যেকেই রেখেছেন অবদান। টি-টোয়েন্টি ও ওয়ানডের পালা শেষে এখন অপেক্ষা টেস্ট ক্রিকেটের। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৬ মার্চ, ডানেডিনে। রয়টার্স, ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৪৩.৫ ওভারে ১৮৫ (ওয়াটলিং ১, রাদারফোর্ড ২, উইলিয়ামসন ৭, টেলর ২৮, এলিয়ট ২৪, ব্রেন্ডন ম্যাককালাম ৭৯, ফ্র্যাঙ্কলিন ১৪, নাথান ম্যাককালাম ৪, এলিস ৮, মিলস ২, সাউদি ৫*; অ্যান্ডারসন ১/৩৪, ফিন ৩/২৭, ওকস ১/৩৪, ব্রড ২/৩৮, সোয়ান ২/৪৯)। ইংল্যান্ড: ৩৭.৩ ওভারে ১৮৬/৫ (কুক ৪৬, বেল ২৪, ট্রট ৩৮, রুট ২৮*, মরগান ৩৯, বাটলার ৩, ওকস ৩*; মিলস ০/৩৪, সাউদি ৩/৪৮, এলিস ২/৩৫, নাথান ম্যাককালাম ০/৩৯, উইলিয়ামসন ০/৯, ফ্র্যাঙ্কলিন ০/২০)।ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।