ওয়ানডে সিরিজও ওয়েস্ট ইন্ডিজের
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই জয়। এবার এক ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটাও ঘরে তুলল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।সিরিজ নিশ্চিত করার ম্যাচে গতকাল শনিবার রাতে ২৪ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ফল দাঁড়াল ৩-১। কাল সোমবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। এখন পর্যন্ত নিউজিল্যান্ড দল সফরের একমাত্র জয়ের দেখা পেয়েছে তৃতীয় ওয়ানডেতে।চতুর্থ ওয়ানডেতে গতকাল টস জিতে প্রথমে ব্যাট করে ২৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তবে পুরো ইনিংস খেলতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। মাত্র এক বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। নিউজিল্যান্ডের টিম সাউদি ও জ্যাকব ওরাম প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন।২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। একপর্যায়ে দলীয় ৭৫ রানে পতন ঘটে চতুর্থ উইকেটের। দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন অধিনায়ক রস টেইলর। ১১৫ বলে খেলেন ১১০ রানের নজরকাড়া এক ইনিংস। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৪০ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন টিনো বেস্ট।সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ২৬৪/১০ (৪৯.৫)পোলার্ড ৫৬, স্যামুয়েলস ৪৬সাউদি ৫/৫৩, ওরাম ৩/৪২নিউজিল্যান্ড: ২৪০/১০ (৪৯.৩)টেইলর ১১০, নিকোল ৩৫বেস্ট ৪/৪৬ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে জয়ী।সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-১ এ এগিয়ে।সূত্র: রয়টার্স।