ওয়ানডে সিরিজও পাকিস্তানের
বিস্ময় উপহার দিয়েই চলেছে পাকিস্তান ক্রিকেট। হাজারো বিতর্কে জর্জরিত দলটি টেস্ট সিরিজ জিতল চার বছর পর। এবার দলে অন্তঃকলহের একটা রসদ দিল তাদের দেশেরই ক্রিকেট বোর্ড, বিশ্বকাপ অধিনায়কের নাম ঘোষণা না করে। প্রথম ম্যাচ হারার পর তো দলে ‘আফ্রিদি গ্রুপ, মিসবাহ গ্রুপ’ জাতীয় কোন্দলের খবরও ছড়িয়ে পড়ল। সেই দলটিই টানা তিন ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল এক ম্যাচ বাকি থাকতেই। ছয় ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে, শেষটি আগামীকাল অকল্যান্ডে।২০০৮ সালের নভেম্বরে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এই প্রথম ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। একই দলের বিপক্ষে টেস্ট-ওয়ানডে সিরিজ টানা জিতল ২০০৬ সালের ডিসেম্বরের পর প্রথম।হ্যামিল্টনের গোমড়া আকাশ দেখে সেডন পার্কের ব্যাটিং উইকেটেও ফিল্ডিং নিয়েছিলেন রস টেলর। শুরুতে চেপেও ধরেছিলেন কিউই পেসাররা। কিন্তু আহমেদ শেহজাদের প্রথম ওয়ানডে সেঞ্চুরি শক্ত ভিত্তি এনে দেয় পাকিস্তানকে। ১০৯ বলে ১১৫ রানের ইনিংসে চার ছিল ১২টি, ৩টি ছয়। এই ভিত্তিটাকে অবশ্য কাজে লাগাতে পারেননি আফ্রিদি-রাজ্জাক-উমর আকমলরা। শেষ ১০ ওভারে আসে তাই মাত্র ৬১। ছোট মাঠ আর ব্যাটিং উইকেট বলেই ২৬৮ স্কোরটিকে যথেষ্ট মনে হচ্ছিল না। তবে ইনিংসের প্রথম বলেই রাইডারের ‘ডায়মন্ড ডাক’ রানআউট, পাকিস্তানিদের দুর্দান্ত বোলিং-ফিল্ডিং আর কিউইদের বাজে শট সিলেকশন মিলিয়ে এই রানটাও হয়ে যায় দুরতিক্রম্য। তথ্যসূত্র: নিও ক্রিকেট।