ওয়ানডে সিরিজে থাকছেন না শোয়েব মালিক
অনেক দিন বিরতির পর দলে ফিরেছিলেন শোয়েব মালিক। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি। তিন টেস্টে ৬ ইনিংস খেলে করেছিলেন মাত্র ৮৯ রান। দুর্বল পারফরমেন্সের কারণে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার সুযোগ পাননি। এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজেও পাকিস্তান দলে জায়গা হলো না সাবেক পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিকের।এদিকে মোহাম্মদ ইউসুফ পিসিবির নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার পর আরেক সাবেক অধিনায়ক ইউনুস খানও দলে ফিরবেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু ইউনুসকে দলে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি। নির্বাচক কমিটির সভাপতি মহসিন খান বলেছেন, ‘পিসিবি সভাপতি ইজাজ বাট এখনো ইউনুসের নিষেধাজ্ঞার ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি। তাই দল নির্বাচনের সময় তাঁকে বিবেচনায় আনা হয়নি।’ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন শোয়েব আকতার।ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের পাকিস্তান দল হলো শহিদ আফ্রিদী (অধিনায়ক), সালমান বাট, শাহজিব হাসান, মোহম্মদ হাফিজ, মোহম্মদ ইউসুফ, আজহার আলী, উমর আকমল, কামরান আকমল, ফাওয়াদ আলম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আসিফ, মোহম্মদ আমির, উমর গুল, সাইদ আজমল, শোয়েব আকতার, ওয়াহাব রিয়াজ। বিবিসি অনলাইন