ওয়ানডে সিরিজে 'বাংলাওয়াশ'-এর স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফুলের জলসায় নীরব কেন’ মুমিনুল...মুমিনুল হকের ছবিটাকে চাইলে ব্যাখ্যা করতে পারেন গানের এই কলিতেও। তবে মুমিনুল আসলে নীরব নন, ব্যাট হাতে যথেষ্টই সরব। হোটেলে তাঁর চেহারার মলিনতা হয়তো শারীরিক অবসাদের কারণেই  প্রথম আলো
‘ফুলের জলসায় নীরব কেন’ মুমিনুল...মুমিনুল হকের ছবিটাকে চাইলে ব্যাখ্যা করতে পারেন গানের এই কলিতেও। তবে মুমিনুল আসলে নীরব নন, ব্যাট হাতে যথেষ্টই সরব। হোটেলে তাঁর চেহারার মলিনতা হয়তো শারীরিক অবসাদের কারণেই প্রথম আলো

আজ বিকেল থেকে শুরু হবে মুশফিক-তামিমদের ওয়ানডে সিরিজের অনুশীলন। কাল হোটেলে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজাসহ টেস্ট দলের বাইরে থেকে ওয়ানডে দলে আসা অন্যরাও

সকাল থেকে নিজের কক্ষেই ছিলেন। দুপুরের দিকে নেমে এলেন লবিতে। ‘কোথায় যাচ্ছেন’ প্রশ্ন করতেই মুমিনুল হকের উত্তর, ‘একটু রক্ত পরীক্ষা করাতে যাব।’
ঢাকা টেস্টটা জ্বর নিয়ে খেলেছেন। সেই জ্বর এখন আর নেই। তবে প্রচণ্ড ক্লান্ত বোধ করছেন মুমিনুল। শরীর অবসাদগ্রস্ত। অ্যাপোলো হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা সে কারণে। পরীক্ষার ফল কালই পাওয়া না গেলেও বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর আশা, ‘ক্লান্তিটা হয়তো জ্বরের কারণে। তবে এর বাইরে আর কোনো কারণ আছে কি না, সেটা জানতেই পরীক্ষা করানো।’
মুমিনুলের জ্বর-পরবর্তী অবসাদ ছাড়া আপাতত সমস্যাহীন বাংলাদেশ দল। কালকের দিনটা বিশ্রামে কাটিয়ে আজ বিকেল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের অনুশীলন। এ জন্য কাল হোটেলে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজাসহ টেস্ট দলের বাইরে থেকে ওয়ানডে দলে আসা অন্যরাও।

বিশ্রামের দিন ছিল বলে ওয়ানডে সিরিজ নিয়ে কোনো কথা বলতে রাজি হলেন না সাকিব আল হাসান। দুপুরের দিকে হোটেল থেকে বাসায় গেছেন। রাতে বাসা থেকেই ফোনে বললেন, ‘খেলা নিয়ে আপাতত ভাবছি না। কাল (আজ) থেকে অনুশীলন। তখন খেলা নিয়ে ভাবব।’ ২০১০ সালে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করা সিরিজে সাকিবই ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। ব্যাট হাতে ২১৩ রান আর বল হাতে ১১ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। সেসব মনে করিয়ে দিয়েও এই সিরিজ নিয়ে কোনো কথা বের করা গেল না সাকিবের মুখ থেকে। খেলার চেয়ে তিনি বরং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই বেশি ভাবিত বলে মনে হলো। বললেন, ‘বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন। খেলার চেয়ে এটাই এখন বড় খবর।’ রাজনৈতিক পরিস্থিতি খেলায় প্রভাব ফেলে খুব কমই। তবে খেলোয়াড়দের মনে যে অবচেতনে হলেও তার একটা গাঢ় ছায়া পড়ে, সাকিবের কথা সেটার প্রমাণ।

সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ বা ওপেনার এনামুল হকের (বিজয়) জন্য অবশ্য এখন আর সবকিছুর চেয়ে নিজেকে নিয়ে ভাবাটাই বেশি জরুরি। দুই টেস্টের কোনোটাতেই নিজেকে মেলে ধরতে পারেননি এনামুল। আর মাহমুদউল্লাহ  তো কোনো টেস্টেই খেলার সুযোগ পেলেন না! সহ-অধিনায়ক হয়েও দলের বাইরে থাকাটাকে হতাশার মনে করেন তিনি। তবু বাস্তবতা মেনে নিয়ে বললেন, ‘ব্যাপারটা হতাশার হলেও কিছু করার নেই। সামনে ওয়ানডে সিরিজ আছে। আমার সব মনোযোগ এখন সেদিকে। নির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ না করে আমি ম্যাচ ধরে ধরে ভালো খেলতে চাই।’

এনামুল নিজেকে ফিরে পেতে কাল বিশ্রামের দিনেও একা একা স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করেছেন। টেলিফোনে বলছিলেন, ‘ওয়ানডেতে আমি ভালোই খেলছিলাম। টেস্টে খারাপ খেললেও ওয়ানডে সিরিজে তাই ভালো করার আশা করছি। কিছু কিছু জায়গায় সমস্যা ছিল। সেসব নিয়ে কাজ করতে কাল (পরশু) ও আজ (গতকাল) অনুশীলন করলাম।’
টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের কাছে সবার প্রত্যাশা বেড়ে যাওয়াটা স্বাভাবিক। ২০১০ সালের ৪-০তে সিরিজ জয়ের সুখস্মৃতিও প্রত্যাশা বাড়ানোর একটা প্রভাবক। তবে কাল হোটেল লবিতে দাঁড়িয়ে প্রত্যাশার ঢেউয়ে বাঁধ দিতে চাইলেন কোচ শেন জার্গেনসেন, ‘প্রত্যাশা নিয়ন্ত্রণ করে ধীরস্থির থাকাটাই গুরুত্বপূর্ণ। টেস্টের মতো ওয়ানডেতেও যাতে কঠিন সময়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, সেটা নিশ্চিত করতে হবে।’ জার্গেনসেনের দৃঢ় বিশ্বাস, প্রত্যাশার চাপ কাটিয়ে একটা দল হিসেবে দাঁড়াতে পারলে সাফল্য পাওয়া কঠিন হবে না।

চাপ কাঁধে না নেওয়া খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ সংযুক্তি সম্ভবত মুমিনুল হক। বয়স মাত্র ২২, অথচ চারিত্রিকভাবে সবকিছুতেই কি দারুণ নির্লিপ্ত এই তরুণ! ৯৯ রানে গিয়ে যা, রক্ত পরীক্ষা করাতে যাওয়ার সময়ও তা। পর পর দুই টেস্টে সেঞ্চুরির পর প্রত্যাশা তাঁর কাছেও বেড়ে গেছে সবার, ওয়ানডেতেও বড় কিছুর লক্ষ্য আছে কি না—এসব প্রসঙ্গেও শান্ত মুমিনুল, ‘আমি যেভাবে খেলছি, সেভাবেই খেলে যাব। কারণ এতে সাফল্য আসছে।’
সাফল্য পাওয়ার এই সহজ সূত্রটা যদি দলের সবাই মেনে চলেন, আরেকটা ‘বাংলাওয়াশ’ না হোক সিরিজ জয় কেন নয়?