ওয়ানডে সিরিজেও শুভসূচনা ভারতের
ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা জিতে শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও শুভসূচনা হলো বিশ্বকাপজয়ীদের। গতকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা পেল ৪ উইকেটের সহজ জয়। রোহিত শর্মার হার না মানা ৬৮ রানের ইনিংসটির সুবাদে ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ ওভার বাকি থাকতেই জয় তুলে আনে সুরেশ রায়নার নেতৃত্বাধীন ভারত।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। কিন্তু প্রথম ৮ ওভারের মথ্যে লেন্ডি সিমন্স ও ড্যারেন ব্রাভোকে হারিয়ে কিছুটা চাপের মুখে পড়ে যায় তাঁরা। স্কোরবোর্ডে তখন যোগ হয়েছিল মাত্র ২৮ রান। এরপর বেশ কিছুক্ষণ উইকেটে থাকলেও রানের চাকা ভালোমতো ঘোরাতে পারেননি কার্ল এডওয়ার্ড ও রামনরেশ সারওয়ান। ১০.৩ ওভারে তারা সংগ্রহ করেন মাত্র ৩১ রান। চতুর্থ উইকেটে ৮২ রান যোগ করে উইন্ডিজ সমর্থকদের মনে কিছুটা আশার সঞ্চার করেন সারওয়ান ও মারলন স্যামুয়েলস। ৩৮তম ওভারে দলীয় সর্বোচ্চ ৫৬ রান করে সাজঘরে ফেরেন সারওয়ান। কয়েক ওভার পরে ৫৫ রান করে রায়নার শিকারে পরিণত হন স্যামুয়েলস। শেষ পর্যায়ে ড্যারেন ব্রাভোর ২২ ও কার্লটন বাফের ১৬ রানের সুবাদে উইন্ডিজ ইনিংস শেষ হয় ২১৪ রানে। ১০ ওভার বল করে মাত্র ৩৬ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন হরভজন সিং।২১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি ভারত। প্রথম ৭ ওভারের মধ্যে মাত্র ৩৬ রান যোগ করেই সাজঘরের রাস্তা ধরেন পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। চতুর্থ উইকেটে ৪৩ রান যোগ করে প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা কিছুটা সামলে নেন শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। ৫১ রানের লড়াকু এক ইনিংস খেলে বিদায় নেন ওপেনার ধাওয়ান। এরপর পঞ্চম উইকেটে ৮০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে জয়ের ভিত্তি বেশ ভালো মতোই গড়ে দেন রোহিত শর্মা ও অধিনায়ক সুরেশ রায়না। ৪৩ রান করে রায়না আউট হয়ে গেলেও বাকি কাজটা বেশ আরামেই সেরে ফেলেন শর্মা, ইউসুফ পাঠান ও হরভজন সিং। ৬৮ রানের অপরাজিত ইনিংসটি খেলে ম্যাচ-সেরা নির্বাচিত হন রোহিত শর্মা।