ওয়ানডে সিরিজেও হার মেয়েদের
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার। আজ বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল হেরেছে ৪৬ রানে। এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ ঘরে তুলল স্বাগতিক ভারত।সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ‘ধবলধোলাই’ হয় বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সালমা খাতুনের দল পিছিয়ে ২-০-তে। এর মানে, বাংলাদেশ দলকে চোখ রাঙাচ্ছে আরেকটি ধবলধোলাই।এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক হারমানপ্রীত কাওরের সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেটে ২৫৬ রান তোলে ভারতীয় দল। জবাবে ৯ উইকেটে ২১০ রান করেন বাংলাদেশের মেয়েরা।ভারতের বড় সংগ্রহের কারিগর ছিলেন অধিনায়ক হারমানপ্রীত কাওর। তিনি করেন ১০৩ রান। উদ্বোধনী ব্যাটার পুনম রাওটও কম যাননি। সাজঘরে ফেরার আগে দলীয় সংগ্রহে ৮০ রান যোগ করেন তিনি। স্মৃতি মান্দানা করেন ২৫ রান। বাংলাদেশের হয়ে জাহানারা আলম ও সালমা খাতুন প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।বাংলাদেশের ব্যাটারদের মধ্যে রুমানা আহমেদ ছাড়া কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। রুমানা করেন ৭৫ রান। এ ছাড়া অধিনায়ক সালমা খাতুন ৩৫, লতা মণ্ডল ২৮ ও ফারজানা হক ২৬ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে একতা বিশত তিনটি ও হারমানপ্রীত কাওর দুটি উইকেট শিকার করেন। সূত্র: ক্রিকইনফো