ঢাকঢাক গুড়গুড় ছিল ইংল্যান্ড সিরিজের পর থেকেই। খবরটা শোনার জন্য মানসিক প্রস্তুতিও ছিল অনেকের। কিন্তু সময়ের সঙ্গে স্তিমিত হতে থাকে গুঞ্জন। বাজতে শুরু করে ভারত-পাকিস্তান সিরিজের দামামা। এর মধ্যেই হঠাৎ এল ঘোষণা। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটকে কাল বিদায় বলে দিলেন শচীন টেন্ডুলকার।বিদায়ের রাগিণী বাজছে বেশ কিছুদিন ধরেই, অবসরের ঘোষণা তাই অপ্রত্যাশিত নয়। বিস্ময় হয়ে এল বরং অবসরের ধরনটা। ওয়ানডে ক্রিকেট এমনিতেই বেছে বেছে খেলছেন অনেক দিন ধরে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেন না বছর তিনেক। গত তিন বছরে ওয়ানডে খেলেছেনই মাত্র ২৩টি। ওয়ানডেকে আলাদা করে বিদায় জানানো তাই খানিকটা চমকই। সাম্প্রতিক অবসরগুঞ্জন, ক্যারিয়ারের শেষ দেখে ফেলা—সবই টেস্ট ক্রিকেটের পড়তি ফর্মের কারণে। ওয়ানডেকে বিদায় জানিয়ে বরং এই ইঙ্গিতটাও দিয়ে দিলেন, টেস্ট ক্রিকেটে থাকতে চান আরও কিছুদিন। আরও দীর্ঘায়িত করতে চান আন্তর্জাতিক ক্যারিয়ার। টেস্ট ক্যারিয়ার আর কতটা দীর্ঘ হবে, সেই উত্তর আপাতত সময়ের হাতে। ওয়ানডের আনুষ্ঠানিক বিদায়ে অবসান হলো একটি অধ্যায়ের। ক্রিকেটের এই সংস্করণের সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে বর্ণিল, সবচেয়ে ঘটনাবহুল ও সবচেয়ে সফল অধ্যায়। অনেকটা ব্যবধানে সবচেয়ে বেশি ম্যাচ, রান, সেঞ্চুরিসহ রেকর্ড বইয়ের অসংখ্য পাতায় তাঁর নাম। জন্ম দিয়েছেন অনেকগুলো প্রথমের। আছে এমন কিছু কীর্তি, যেগুলোর ধারেকাছে কেউ যেতে পারবেন না বলে দেওয়া যায় ঝুঁকি ছাড়াই। রেকর্ড-পরিসংখ্যানের বিচারে তিনি ওয়ানডের সর্বকালের সেরা। সামর্থ্য, ম্যাচ জয়ের ক্ষমতা আর সর্বোপরি প্রভাবে টেন্ডুলকারের পাশাপাশি কিংবা খানিকটা ওপরে বা নিচে থাকতে পারেন শুধু ভিভ রিচার্ডসই। পাকিস্তান সিরিজের ডামাডোলে অবসর ঘোষণা। তাঁর শুরু আর শেষের সঙ্গেও জড়িয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বীরাই। পাকিস্তানের বিপক্ষেই অভিষেক, ১৯৮৯ সালে গুজরানওয়ালায়। বয়স ছিল সেদিন ১৬ বছর ২৩৮ দিন, ভারতের সর্বকনিষ্ঠ ওয়ানডের ক্রিকেটার হিসেবে যে রেকর্ড টিকে আছে এখনো। শেষ ম্যাচও পাকিস্তানের বিপক্ষে, ঢাকায় গত মার্চে এশিয়া কাপে। ওয়াকার ইউনুসের বলে ওয়াসিম আকরামের হাতে ধরা পড়ে অভিষেকে ফিরেছিলেন শূন্য হাতে। প্রথম পঞ্চাশের দেখা পেয়েছিলেন নবম ম্যাচে, প্রথম সেঞ্চুরি ৭৯তম ম্যাচে। মিডল-অর্ডার থেকে ওপেনার হওয়াটাই বদলে দিয়েছে তাঁর ওয়ানডে ক্যারিয়ারের গতিপথ। ১৯৯৪ সালে ওয়ানডেতে প্রথমবার ওপেন করতে নেমেই নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৯ বলে ৮২। সেই শুরু, ওপেনিংয়ে খেলেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মাঝেমধ্যে নানা কারণে মিডল-অর্ডারেও খেলেছেন, কিন্তু ওয়ানডের টেন্ডুলকারকে উদ্ভাসিত দেখা গেছে ওপেনিংয়েই। ৪৯ সেঞ্চুরির ৪৫টিই ইনিংস শুরু করে। প্রথম সেঞ্চুরির জন্য অপেক্ষা ছিল ৫ বছরের। কিন্তু প্রথম দেখার পর থেকে সেই ম্যাজিক ফিগারের সঙ্গে টেন্ডুলকারের দেখা হওয়াটাই ছিল ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে নিয়মিত ঘটনা। আস্তে আস্তে ছাড়িয়ে গেছেন সবাইকে, নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। ঢাকার দর্শকেরা ভাগ্যবান, টেন্ডুলকারের শেষ তিন ইনিংস মাঠে বসেই দেখেছে অনেকে। শেষ ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৫২ করেছিলেন ৪৮ বলে। আগের ইনিংসেই বাংলাদেশের বিপক্ষে ইতিহাসগড়া সেই শততম আন্তর্জাতিক সেঞ্চুরি। ক্যারিয়ার গোধূলির সবচেয়ে বড় কীর্তি, শেষ ওয়ানডেই শুধু নয়। ওয়ানডে ক্যারিয়ারের সেরা অলরাউন্ড পারফরম্যান্সটাও ঢাকার মাঠে। ১৯৯৮ সালের আইসিসি নকআউট টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪১ করার পর বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। ওই বছরটাই ছিল টেন্ডুলকারের জন্য সফলতম। ৯টি সেঞ্চুরি করেছিলেন সেবার, শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে ১৪৩ ও ১৩১ রানের ইনিংস দুটি পেয়েছে ওয়ানডের ক্লাসিকের মর্যাদা। ব্যাটিং কীর্তিতে অনেকটাই আড়ালে পড়ে যায় টেন্ডুলকারের বোলিং সাফল্য। ক্যারিয়ারের শুরুতে করতেন মিডিয়াম পেস, পরে অফ আর লেগ স্পিনের মিশেল। বল হাতেও একসময় অধিনায়কের বড় নির্ভরতা ছিলেন। ভারতকে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন বুদ্ধিদীপ্ত বোলিংয়ে, ১৯৯৩ সালে হিরো কাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারটি কেই-বা ভুলতে পারে!শেষের ঘোষণা এল বিসিসিআইয়ের মাধ্যমে পাঠানো বিবৃতিতে, ওয়ানডের রাজার বিদায়টা মাঠ থেকে হলো না। তবে না হলেই-বা কী! যত দিন ওয়ানডে ক্রিকেট টিকে আছে, শচীন টেন্ডুলকার থাকবেন এর প্রতিশব্দ হয়ে।