ওয়ানডেতে এখন ওভারে দুই বাউন্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে যেন গিনিপিগ, এটিকে নিয়ে আইসিসির পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। গত কয়েক বছরে কত রকম নিয়মই যে হলো! মাঝখানে ‘সুপার সাব’-এর মতো হাস্যকর উদ্ভাবন স্বাভাবিকভাবেই মাঠে মারা গেছে। তবে পাওয়ার প্লে তো আছে। এতবার সেটির নিয়ম পাল্টেছে যে দর্শকদের তা মনে রাখাই মুশকিল। সেটি আবারও বদলাল। গতকাল থেকে কার্যকর সর্বশেষ পরিবর্তনে তিনটির বদলে পাওয়ার প্লের সংখ্যা এখন দুই। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লে বাধ্যতামূলকই থাকছে। এরপর থাকছে শুধু ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভার, যেটি নির্ধারণ করবে ব্যাটিং দল। তবে তা নিতে হবে ৪০ ওভারের মধ্যে। প্রথম পাওয়ার প্লেতে ত্রিশ গজী বৃত্তের বাইরে থাকতে পারবে দুজন ফিল্ডার, দ্বিতীয়টিতে তিনজন। সবচেয়ে বড় পরিবর্তনটা হলো—পাওয়ার প্লে নয়, এমন ওভারগুলোতে বৃত্তের বাইরে থাকতে পারবে চারজন ফিল্ডার। এত দিন সংখ্যাটা ছিল পাঁচ। বোলারদের এটি পছন্দ করার কোনো কারণ নেই। তবে ব্যাট-বলের সমতা রাখতে বোলারদের জন্যও একটি ‘উপহার’ আছে। ওভারে একটির বদলে দুটি বাউন্সার এখন আইনসম্মত। আসন্ন এই পরিবর্তনের কথা শুনে বাংলাদেশের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক কিছুদিন আগেই অবশ্য যৌক্তিক প্রশ্ন তুলেছিলেন, ‘বৃত্তের বাইরে পাঁচজনের বদলে চারজন ফিল্ডার রাখার নিয়ম করে বোলারদের কাজটা আরও কঠিন করে তোলা হচ্ছে। পেসারদের জন্য না হয় ওভারে দুটি বাউন্সার আছে, কিন্তু স্পিনারদের তাতে কী লাভ?’টি-টোয়েন্টি এলিমিনেটরে পরিবর্তন: টি-টোয়েন্টি ম্যাচ টাই হলে সেটির মীমাংসা হয় সুপার ওভারে। সেটিতে কোন প্রান্ত থেকে বোলিং করা হবে, সেটি ঠিক করার অধিকার দেওয়া হয়েছে ফিল্ডিং দলকে। ম্যাচে ব্যবহূত বলগুলো থেকে যেকোনো একটি বল নির্বাচন করবে প্রথমে ফিল্ডিং করা দল। ইদানীং অনেক টি-টোয়েন্টি ম্যাচেই স্পাইডারক্যাম ব্যবহার করা হচ্ছে। কখনো কখনো মাঠের খুব কাছে নেমে আসা এই ক্যামেরায় যদি ব্যাটসম্যানের মারা কোনো বল লাগে, সেটি ‘ডেড বল’ বলে গণ্য হবে।