ওয়ানডেতে ওয়ার্নারের ১৯৭!

শৃঙ্খলাজনিত কারণে ভারত সফরের দলে ঠাঁই পাননি। সতীর্থরা যখন ভারত সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন বাধ্য হয়ে তিনি খেলছেন ঘরোয়া ক্রিকেটে। সেখানেই বিধ্বংসী ব্যাটিং করে সবার দৃষ্টি কেড়ে নিলেন ডেভিড ওয়ার্নার। ৫০ ওভারের ম্যাচে মাত্র তিন রানের জন্য ডাবল সেঞ্চুরির দেখা পাননি। বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন ব্যক্তিগত ১৯৭ রানে! অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বোচ্চ ইনিংস।
রেকর্ডময় ইনিংসে ২৬ বছর বয়সী ওয়ার্নার খেলেন ১৪৪ বল। হাঁকেন ২০টি চার ও ১০টি ছয়ের মার। এমন অতিদানবীয় ইনিংসের পরও প্রতিযোগিতার ফাইনালের টিকিট পেতে ঘাম ঝরাতে হয় তাঁর দল নিউ সাউথ ওয়েলসের। জয়ের দেখা মেলে ইনিংসের মাত্র ৩ বল বাকি থাকতে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩২১ রান তোলে ভিক্টোরিয়া। দলের বড় সংগ্রহের কারিগর ছিলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান (১১৭) ও রব কুইনি (৮৯)। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নারের তাণ্ডবে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউ সাউথ ওয়েলস। চার ম্যাচে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার। ৭৫ গড়ে তাঁর মোট রান ৫২৭।
এত দিন অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৮৭ রানের। ২০০৪ সালে কুইন্সল্যান্ডের হয়ে দানবীয় ইনিংসটি খেলেছিলেন জিমি মাহের। সূত্র: রয়টার্স।