ওয়ানডেতে জয়ে শুরু কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ওয়ানডের স্বাদ শেষবার পেয়েছিলেন পাঁচ বছর আগে। সেই ম্যাচে ২৮ বলে করেছিলেন ৬৪ রান। ভিন্ন জার্সিতে, আরেক দেশের প্রতিনিধি হয়ে কাল হলো পুনর্জন্ম। তবে ফেরাটা ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না লুক রনকি। সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার নিউজিল্যান্ড অভিষেকে ফিরেছেন শূন্য রানে। তবে আরেক ওপেনার গাপটিল ঠিকই স্মরণীয় করে রাখলেন ম্যাচটি। তাঁর অপরাজিত সেঞ্চুরিতেই (১০৩) ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ তে এগিয়ে গেল কিউইরা।রনকির পর কেন উইলিয়ামসন, ইনিংসের প্রথম ওভারেই জোড়া ধাক্কায় কিউইদের কাঁপিয়ে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। তবে গাপটিল-টেলরের ব্যাটে সেই ধাক্কা সামলে ওঠে নিউজিল্যান্ড। ২২৮ রান তাড়া করতে গিয়ে ১৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। এই জয়ে গাপটিলকে যোগ্য সঙ্গই দিয়েছেন টেলর (৫৪)। গাপটিলের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ১২০ রানের জুটি।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশরা উদ্বোধনী জুটিতে ১০ ওভারে তুলেছিল ৪৫। ভিত্তিটাকে কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। বড় ইনিংস খেলতে পারেননি কেউ, গড়ে ওঠেনি বড় জুটি। আট ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও সর্বোচ্চ জোনাথন ট্রটের ৩৭! দিন দশেক আগে লর্ডসেই ১০ উইকেট পাওয়া টিম সাউদি আবারও মূল হন্তারক, দুই ইংলিশ ওপেনারকেসহ নিয়েছেন ৩ উইকেট। কিপিং গ্লাভস হাতে সময়টা খারাপ কাটেনি রনকির। তিনটি ক্যাচ নিয়েছেন। দুই দেশের হয়ে ওয়ানডে খেলা সপ্তম ক্রিকেটার তিনি, তবে দুটি দেশের হয়ে উইকেটের পেছনে দাঁড়ানোর স্বাদ প্রথম পেলেন তিনিই! সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৫০ ওভারে ২২৭/৯ (কুক ৩০, বেল ১৮, ট্রট ৩৭, রুট ৩০, মরগান ৬, বাটলার ১৪, ওকস ৩৬, ব্রেসনান ২৫, সোয়ান ১৫, অ্যান্ডারসন ৫*; সাউদি ৩/৩৭, নাথান ম্যাককালাম ২/৩৪, ম্যাকক্লিনাঘান ২/৪৯, মিলস ১/৩৬, উইলিয়ামসন ১/৩৮)। নিউজিল্যান্ড: ৪৬.৫ ওভারে ২৩১/৫ (রনকি ০, গাপটিল ১০৩*, উইলিয়ামসন ০, টেলর ৫৪, ইলিয়ট ২৭, ম্যাককালাম ৫, ফ্রাঙ্কলিন ১৬*; অ্যান্ডারসন ৩/৩১, ডার্নব্যাখ ১/৫৫, সোয়ান ১/৩৩)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।