ওয়ানডেতে ফিরবেন আফ্রিদি!
বলা হচ্ছিল আফ্রিদির শেষের শুরু। ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন, ভারত সফরে জায়গা পেয়েছেন শুধু টি-টোয়েন্টি দলে। মনে করা হচ্ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে শহীদ আফ্রিদির দিন ফুরোল বলে। কিন্তু ফুরানোর আগেই শোনা যাচ্ছে ফেরার ইঙ্গিত। অনুশীলন ম্যাচে টানা দুটি ফিফটি করেছেন আফ্রিদি। মুগ্ধ অধিনায়ক মিসবাহ-উল-হক জানান, এভাবে খেলতে থাকলে ভারত সফরেই ওয়ানডে দলে ফেরানো হতে পারে আফ্রিদিকে।গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩০ রান করেছিলেন আফ্রিদি, উইকেট পেয়েছিলেন মাত্র ৪টি। সর্বশেষ ১২টি আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে গড় ৬.৩০। সদ্য সমাপ্ত ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ব্যাটে-বলে তেমন কিছু করতে পারেননি। তবে অনুশীলন ম্যাচে দেখা গেল অন্য এক আফ্রিদিকে। ভারত সফরের জন্য পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্প চলছে লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার ও বুধবার দুটি প্রস্তুতি ওয়ানডে খেলেছে দল। প্রথম ম্যাচে ৪০ বলে ৫২ করেছিলেন আফ্রিদি, পরশু ৬৪ বলে করেছেন ৯২। শুধু রানসংখ্যায় নয়, ব্যাটিংয়ের ধরনেও দেখা গেছে অন্য আফ্রিদিকে। খেলেছেন সোজা ব্যাটে, উল্টাপাল্টা শটের মহড়া দেখা যায়নি।দল ঘোষণার পরপরই মিসবাহ একবার বলেছিলেন, ভারত সফরে টি-টোয়েন্টি দুটি ভালো খেললে ওয়ানডে দলে রেখে দেওয়া হতে পারে আফ্রিদিকে। অনুশীলন ম্যাচের আফ্রিদিকে দেখার পর আবার একই কথা শোনা গেল পাকিস্তান অধিনায়কের কণ্ঠে, ‘ওর ফর্ম যদি এ রকমই থাকে, ওকে আমাদের লাগবে এবং ওকে অবশ্যই বিবেচনা করব। অভিজ্ঞ ক্রিকেটারদের ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। সিনিয়র ক্রিকেটাররা যদি পারফর্ম করতে থাকে, দলের জন্যই সেটা ভালো।’আফ্রিদি ব্যাটিংয়ে হঠাৎ উন্নতির কৃতিত্বটা দিলেন নতুন ব্যাটিং কোচ ইনজামাম-উল-হককে, ‘ইনজি ভাই প্রথম যখন ক্যাম্পে এলেন, ভেবেছিলাম আমার ব্যাটিং টেকনিক ও বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। কিন্তু সেসব কিছুই বলেননি। বরং বলেছেন, আমার ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই। শুধু আত্মবিশ্বাস ফিরে পাওয়া প্রয়োজন। আর সেটার সবচেয়ে ভালো উপায় সহজাত খেলাটাই। ইনজি ভাই বলেছেন, সব ভাবনা মাথা থেকে সরিয়ে ফেলতে। চাপমুক্ত থেকে নিজের খেলাটা উপভোগ করতে।’ইনজামামে মুগ্ধ মিসবাহও। সাবেক অধিনায়ককে ব্যাটিং কোচ পেয়ে ব্যাটসম্যানদের উন্নতিটা নাকি এখনই চোখে পড়তে শুরু করেছে। ২৫ ডিসেম্বর বেঙ্গালুরুর টি-টোয়েন্টি দিয়ে শুরু ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডের সিরিজ। ওয়েবসাইট।